২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ইংল্যান্ডের ব্যাটিং শেষে ক্রাইস্টচার্চে বৃষ্টির রাজত্ব

প্রথম টি-টোয়েন্টিতে ১৫৪ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়েই নামতে পারেনি স্বাগতিকরা।

ইংল্যান্ডের ব্যাটিং শেষে ক্রাইস্টচার্চে বৃষ্টির রাজত্ব
নিউ জিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে ইংল্যান্ড। ছবি: ব্ল্যাকক্যাপস ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2025, 05:10 PM

Updated : 26 Aug 2026, 02:30 PM

নিয়ন্ত্রিত বোলিংয়ে ইংল্যান্ডকে নাগালের মধ্যে রাখার স্বস্তি নিয়ে মাঠ ছাড়ল নিউ জিল্যান্ড। রান তাড়ায় ব্যাটিংয়ে নামার অপেক্ষায় ছিল তারা। কিন্তু স্বাগতিকদের সেই সুযোগই দিল না বৃষ্টি।

ক্রাইস্টচার্চে শনিবার বিরূপ প্রকৃতিতে ভেস্তে গেছে নিউ জিল্যান্ড ও ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।

আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভার খেলে ৬ উইকেটে ১৫৩ রান করে ইংল্যান্ড। এরপরই হানা দেয় বৃষ্টি। অনেকটা সময় অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠিয়ে চেপে ধরে কিউইরা। দ্বিতীয় ওভারে বিধ্বংসী ফিল সল্টকে ফিরিয়ে দেন জ্যাকব ডাফি। পঞ্চম ওভারে ম্যাট হেনরির শর্ট বল উপরে তুলে দেন জ্যাকব বেথেল, বল মুঠোয় জমান বোলার নিজেই।

ঝড়ের আভাস দিয়ে ফিরে যান হ্যারি ব্রুক। জিমি নিশামের বলে বোল্ড হওয়ার আগে ইংলিশ অধিনায়ক ২ ছক্কা ও এক চারে করেন ১৪ বলে ২০ রান। টম ব্যান্টনকে টিকতে দেননি নিউ জিল্যান্ড দলপতি মিচেল স্যান্টনার।

সতীর্থদের আসা-যাওয়ার মাঝে দীর্ঘক্ষণ একপ্রান্ত ধরে রাখেন জস বাটলার। কিন্তু থিতু হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন অভিজ্ঞ ওপেনার। ১ ছক্কা ও ২ চারে ২৫ বলে তিনি করেন ২৯ রান।

সতীর্থদের ব্যর্থতার দিনে ব্যাট হাতে আলো ছড়ান স্যাম কারান। ২ ছক্কা ও ৩ চারে ৩৫ বলে তিনি খেলেন ৪৯ রানের অপরাজিত ইনিংস।

নিউ জিল্যান্ডের হয়ে এদিন বোলিং করা সবাই নেন একটি করে উইকেট।

একই মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টি আগামী সোমবার।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ২০ ওভারে ১৫৩/৬ (সল্ট ৩, বাটলার ২৯, বেথেল ১৫, ব্রুক ২০, ব্যান্টন ৯, কারান ৪৯, কক্স ১৬, কার্স ৩; হেনরি ৪-০-২৬-১, ডাফি ৪-০-৪৫-১, জেমিসন ৪-০-২৭-১, স্যান্টনার ৪-০-২০-১, নিশাম ২-০-২০-১, ব্রেসওয়েল ২-০-১০-১)