১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এলপিএল অভিষেকে রিপনের দুঃস্বপ্নের দিন

ওভারপ্রতি ১৭ করে রান দিয়েছেন বাংলাদেশের এই পেসার।

এলপিএল অভিষেকে রিপনের দুঃস্বপ্নের দিন
ছবি: কলম্বো ক্যাপসের ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2026, 10:08 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

প্রথমবার দেশের বাইরের কোনো লিগে খেলতে নেমে ভুলে যাওয়ার মতো দিন কাটালেন রিপন মন্ডল। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) অভিষেকে এলোমেলো বোলিংয়ে অকাতরে রান দিলেন বাংলাদেশের এই পেসার।

পাল্লেকেলেতে শনিবার কলম্বো ক্যাপসের হয়ে গল গ্যালান্টসের বিপক্ষে দুই ওভার বোলিং করে ৩৪ রান দেন রিপন। ছয়টি চার ও একটি ছক্কা হজম করেন তিনি।

হাসান মাহমুদ দেশে ফেরায় গত বিপিএলে দুর্দান্ত বোলিং করা রিপনকে দলে যোগ করে কলম্বো। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে ৮ ম্যাচে ১৭ উইকেট নেওয়া ডানহাতি পেসার এলপিএলে নিজের প্রথম ম্যাচে পারেননি কিছুই করতে।

টস জিতে ফিল্ডিং নেওয়া কলম্বো দ্বিতীয় ওভারে আক্রমণে আনে রিপনকে। একটু টেনে করা প্রথম ডেলিভারি স্যাম হার্পারের ব্যাটের নিচের দিকে লেগে থার্ডম্যান দিয়ে সীমানায় যায়। পরের বলটি লেগ সাইড দিয়ে চার মারেন হার্পার। তৃতীয় বলে আসে সিঙ্গল।

চতুর্থ বলটি ছিল চারিথ আসালাঙ্কার পায়ের ওপর। ফাইন লেগ দিয়ে চার মারেন ব্যাটসম্যান। একই লাইনে পরের ডেলিভারিতেও ফল একই, চার। ওভারের শেষ বলটি রিপন ভালো করলেও ধরতে পারেননি কিপার, বাই থেকে আসে চার রান। ২১ রানে শেষ হয় ওভার, যেখানে রিপনের খরচ ১৭।  

এরপর লম্বা সময় বোলিংয়ের জন্য অপেক্ষা করতে হয় রিপনকে। ত্রয়োদশ ওভারে বল হাতে পেয়ে আবারও ১৭ রান দেন তিনি। প্রথম দুই বলে দুটি সিঙ্গলের পর, টানা দুই বলে চার ও ছক্কা মারেন সাহান আরাচচিগে। ওভারের শেষ বলে স্ট্রাইক পেয়ে রিপনকে আরেকটি চার হাঁকান আসালাঙ্কা।

রিপনের বাজে দিনে কলম্বোর অন্য বোলাররাও খুব একটা ভালো করতে পারেননি। তাদের সফলতম বোলার বাঁহাতি স্পিনার ওয়ানুজা সাহান; ৩ ওভারে ২৮ রান দিয়ে দুই উইকেট নেন তিনি।

দুটি ছক্কা ও সাতটি চারে ৩৭ বলে ৫৮ রান করেন আসালাঙ্কা। শেষ দিকে অধিনায়ক দাসুন শানাকা দুটি ছক্কা ও চারটি চারে ২৯ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। 

৬ উইকেটে ২০১ রান করে গল গ্যালান্টস।