১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইতিহাস গড়ে ওয়ানডের বর্ষসেরা আফগানিস্তানের ওমারজাই

আফগানিস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে যেকোনো সংস্করণে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন এই পেস বোলিং অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2025, 02:30 PM

Updated : 26 Aug 2026, 11:40 AM

ওয়ানডে ক্রিকেটে ২০২৪ সালে ব্যাটে-বলে চমৎকার পারফরম্যান্সের দারুণ এক স্বীকৃতি পেলেন আজমাতউল্লাহ ওমারজাই। আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জিতলেন আফগানিস্তানের এই পেস বোলিং অলরাউন্ডার। দেশটির প্রথম ক্রিকেটার হিসেবে যেকোনো সংস্করণে আইসিসির বর্ষসেরা নির্বাচিত হলেন তিনি।

গণমাধ্যম প্রতিনিধি, আইসিসি ভোটিং একাডেমি এবং সমর্থকদের ভোটে নির্বাচিত ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ওয়ানডে ক্রিকেটারের নাম সোমবার প্রকাশ করেছে আইসিসি।

সেরার লড়াইয়ে ওমারজাই হারিয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, কুসাল মেন্ডিস ও ওয়েস্ট ইন্ডিজের শেরফেইন রাদারফোর্ডকে। 

গত বছর আফগানিস্তানের পাঁচ ওয়ানডে সিরিজের চারটি জয়ে বড় অবদান ছিল ওমারজাইয়ের। ২৪ বছর বয়সী অলরাউন্ডার ১৪ ওয়ানডের ১২ ইনিংসে ব্যাট হাতে ৫২.১২ গড় ও ১০৫.৫৬ স্ট্রাইক রেটে করেন ৪১৭ রান। একটি সেঞ্চুরির সঙ্গে ফিফটি করেন তিনটি।

বছরে প্রথম ম্যাচে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে রান তাড়ায় ১১৫ বলে অপরাজিত ১৪৯ রানের ইনিংস খেলেন তিনি। যদিও ম্যাচটি হেরে যায় আফগানিস্তান। সেপ্টেম্বরে শারজাহতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেন ৫০ বলে অপরাজিত ৮৬, একই মাঠে নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে ৭৭ বলে অপরাজিত ৭০; দুটিই ম্যাচেই জেতে আফগানরা। বাংলাদেশের বিপক্ষে ওই ম্যাচে ৪টি উইকেটও নেন তিনি। 

বছরে বল হাতে ১৩ ইনিংসে ওভারপ্রতি ৪.৯০ রান দিয়ে ওমারজাই উইকেট নেন মোট ১৭টি। পরপর দুই ম্যাচে নেন ৪টি করে উইকেট।