১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দক্ষিণ আফ্রিকাকে কাঁপিয়ে দিয়ে নামিবিয়ার হার

৪৪৫ রানের ম্যাচ স্রেফ ১১ রানে হেরেছে স্বাগতিকরা।

দক্ষিণ আফ্রিকাকে কাঁপিয়ে দিয়ে নামিবিয়ার হার
ছবি: নামিবিয়া ক্রিকেট ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Sep 2026, 09:40 AM

Updated : 17 Sep 2026, 02:54 AM

লুয়ান-ড্রে প্রিটোরিয়াসের ঝড়ো সেঞ্চুরি ও কনর এস্তেহেইজেনের বিস্ফোরক ইনিংসে দুইশ ছাড়ানো পুঁজি গড়ল দক্ষিণ আফ্রিকা। রান তাড়ায় দারুণ লড়াই করল নামিবিয়া। তবে শেষ পর্যন্ত অল্পের জন্য হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো তাদের।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম দেখায় দক্ষিণ আফ্রিকাকে ১৮ রানে হারানো নামিবিয়া আবারও জাগাল জয়ের সম্ভাবনা। কিন্তু উইন্ডহুকে শুক্রবার ৪৪৫ রানের ম্যাচ স্রেফ ১১ রানে হেরে গেল স্বাগতিকরা। প্রোটিয়াদের ২২৮ রান তাড়ায় ২১৭ রান করে তারা।

আগের ম্যাচে ৯৪ রান করা প্রিটোরিয়াস এদিন করেন ৫৩ বলে ১০১ রান। আট ছক্কা ও পাঁচ চারে ইনিংসটি সাজান এই ওপেনার। ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিতে ডেওয়াল্ড ব্রেভিসের রেকর্ড ভেঙেও দেন তিনি।

২০ বছর ১৬১ দিন বয়সে ইনিংসটি খেলে এই সংস্করণে দক্ষিণ আফ্রিকার সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এখন প্রিটোরিয়াস। গত বছর ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রেভিস সেঞ্চুরি করেছিলেন ২২ বছর ১০৫ দিন বয়সে।

আগের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন নামিবিয়ার বিপক্ষে শুরু করেন প্রিটোরিয়াস। মুখোমুখি দ্বিতীয় বলে চার মেরে ডানা মেলেন তিনি। অন্য প্রান্তে ঝড় তোলেন কনর এস্তেহেইজেনও।

তাদের ব্যাটে পাওয়ারপ্লেতে ৭০ রান তোলে দক্ষিণ আফ্রিকা। দ্বাদশ ওভারে এস্তেহেইজেনের বিদায়ে ভাঙে ৭০ বল স্থায়ী ১৫৬ রানের বিস্ফোরক জুটি। আটটি ছক্কা ও ছয় চারে ৪০ বলে ৮৮ রান করেন এস্তেহেইজেন।

২৮ বলে ফিফটি স্পর্শ করেন প্রিটোরিয়াস। পরের পঞ্চাশ রান করতে তার লাগে কেবল ২৪ বল। ৮৯ থেকে শেষ ওভারের তিন বলের মধ্যে দুটি ছক্কা মেরে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। আউট হয়ে যান পরের বলে।

তিনটি চারে রুবিন হারমান করেন ২১ বলে ২৬ রান।

নামাবিয়ার কেউ সেঞ্চুরির দেখা পাননি। তবে তাদের দুই ওপেনার লরেন স্টিনক্যাম্প ও ইয়ান ফ্রাইলিঙ্ক চমৎকার দুটি ইনিংস খেলেন। তাদের শতরানের শুরুর জুটিতে উড়ন্ত সূচনা পায় দলটি।

২৮ বলে ফিফটি করেন ফ্রাইলিঙ্ক। স্টিনক্যাম্পের পঞ্চাশ আসে ৩৭ বলে। পাঁচটি ছক্কা ও ছয়টি চারে ৩৬ বলে ৭২ রান করে একাদশ ওভারে বিদায় নেন ফ্রাইলিঙ্ক। তাতে ভাঙে ৬৫ বল স্থায়ী ১১৯ রানের জুটি।

ষোড়শ ওভার শেষে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়েন স্টিনক্যাম্প। তিনটি ছক্কা ও পাঁচটি চারে ৪৪ বলে ৬১ রান করেন তিনি।

শেষ চার ওভারে ৬২ রানের সমীকরণে অধিনায়ক গেরহার্ড এরাসমাস দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি। একটি করে ছক্কা ও চারে ২৬ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন তিনি। ১০ বলে ২১ রান করেন রুবেন ট্রাম্পেলমান।

শেষ ওভারে ২৪ রানের লক্ষ্যে ১২ রান করতে পারেন নামিবিয়া।

আগামী রোববার ফাইনালে জিম্বাবুয়ের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।