Published : 05 Jan 2026, 06:51 PM
নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল না পাঠানোর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় হারভাজান সিং বলেছেন, ভারত সব দলকে আতিথেয়তা দিতে প্রস্তুত। দেশটির সাবেক এই স্পিনারের মতে, ভারতে খেলতে যাওয়া না-যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশেরই।
ঘটনার সূত্রপাত মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে। গত কিছুদিন ধরেই ভারতীয় সংবাদমাধ্যমে খবর আসছিল, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস নানা ঘটনার পর ভারতে ক্ষোভ দানা বাঁধছে। মুস্তাফিজের আইপিলে খেলতে দেওয়া নিয়েও নানা বিতর্ক চলছিল।
সেসবের জের ধরেই গত শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশের পেসারকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয়। পরে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া বাঁহাতি পেসারকে আনুষ্ঠানিকভাবে ছেড়ে দেওয়া হয়।
মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় বাংলাদেশে। শনিবার রাতেই অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক মাধ্যমে লিখেন, বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে যাওয়া তিনি নিরাপদ মনে করছেন না। পরদিন আইসিসির কাছে চিঠি পাঠিয়ে বিসিবি জানায়, নিরাপত্তা নিয়ে শঙ্কায় আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না তারা। বাংলাদেশের ম্যাচগুলি ভারতের বাইরে নেওয়ার অনুরোধ করা হয় সেই চিঠিতে।
বার্তা সংস্থা এএনআইকে সোমবার হারভাজান বলেন, বাংলাদেশের অনুরোধের বিষয়ে এখন সিদ্ধান্ত নিতে হবে আইসিসিকে।
“গত কয়েকদিনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কারণে, বাংলাদেশ ভারতে আসতে চায় না। বাংলাদেশে যা ঘটেছে তা ঠিক নয়। তাদের অনুরোধের বিষয়ে আইসিসিকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা সকলকে ভারতে স্বাগত জানাই, তবে তারা (বাংলাদেশ) এখানে আসতে চায় কি না, সেটা তাদের সিদ্ধান্ত।”
মুস্তাফিজকে বাদ দেওয়ার প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএলের সকল খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশও সোমবার দিয়েছে তথ্য মন্ত্রণালায়।
আইপিএল হবে আগামী মার্চে। তার আগে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম তিন ম্যাচ হওয়ার কথা কলকাতার ইডেন গার্ডেন্সে, শেষ ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।