১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গিলকে ‘লম্বা দৌড়ের ঘোড়া’ মনে হচ্ছে শাস্ত্রির

ভারতের নতুন টেস্ট অধিনায়কের মাঝে রাজসিক একটা ভাব দেখেন দলটির সাবেক প্রধান কোচ।

গিলকে ‘লম্বা দৌড়ের ঘোড়া’ মনে হচ্ছে শাস্ত্রির
ভারত অধিনায়ক শুবমান গিল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2025, 06:22 PM

Updated : 26 Aug 2026, 01:35 PM

ইংল্যান্ড সফরে দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি নেতৃত্বের যে সামর্থ্য দেখিয়েছেন শুবমান গিল, তাতে মুগ্ধ রাভি শাস্ত্রি। আন্তর্জাতিক ক্রিকেটে উত্তরসূরির দীর্ঘ ক্যারিয়ার দেখছেন ভারতের সাবেক কোচ। তার মতে, সময়ের সঙ্গে আরও ভালো ব্যাটসম্যান হয়ে উঠবেন গিল।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি দিয়ে ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে পথচলা শুরু করেন গিল। তার নেতৃত্বে দুই দফায় পিছিয়ে পড়েও পাঁচ ম্যাচের সিরিজটি শেষ পর্যন্ত ২-২ ড্র করে সফরকারীরা।

ক্ষুরধার নেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতেও দলকে পথ দেখান গিল। রান স্রোত বইয়ে দিয়ে গড়েন একের পর এক রেকর্ড। চার সেঞ্চুরিতে সিরিজের সর্বোচ্চ ৭৫৪ রান আসে তার ব্যাট থেকে। সাড়ে ৫০০ রানও করতে পারেননি আরও কেউ।

ইংল্যান্ডে সফরকারী অধিনায়কদের মধ্যে এক সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত অস্ট্রেলিয়া স্যার ডন ব্র্যাডম্যানকে পেছনে ফেলেন গিল। অল্পের জন্য এক সিরিজে সর্বোচ্চ রানের ব্র্যাডম্যানের (৮১০) রেকর্ডটি ভাঙতে পারেননি তিনি।

গিলের এমন পারফরম্যান্স মন জয় করে নিয়েছেন শাস্ত্রির। সাবেক এই অলরাউন্ডার স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপকালে ডানহাতি এই ব্যাটসম্যানকে উচ্ছ্বসিত প্রশংসায় ভাসান। 

“সে লম্বা সময় ধরে খেলবে, কারণ আমরা দেখেছি এখানে (ইংল্যান্ডে) সে কেমন সিরিজ কাটিয়েছে। তার বয়স এখন কেবল ২৫ বছর এবং এভাবে নিজেকে মেলে ধরার মাধ্যমে সে আরও ভালো ব্যাটসম্যান হয়ে উঠবে।”

“সে সঠিক জায়গায় আছে, সঠিক অবস্থায় থাকবে। সে সংযত, তার মধ্যে রাজসিক একটা ভাব আছে… সে যেভাবে ব্যাটিং করে, খুবই সাবলীল এবং বড় ইনিংস খেলার সামর্থ্য রয়েছে।”