পিএসএল
Published : 11 Apr 2026, 04:19 PM
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক আসরটা দীর্ঘ হলো না পারভেজ হোসেনের। চোটের থাবায় ছিটকে গেছেন লাহোর কালান্দার্সের বাঁহাতি ব্যাটসম্যান।
আসরের বাকি অংশে পারভেজকে না পাওয়ার কথা শনিবার নিশ্চিত করেছে লাহোর। রাতেই দেশের উদ্দেশে পাকিস্তান ছাড়বেন ২৩ বছর বয়সী ক্রিকেটার।
গাদ্দাফি স্টেডিয়ামে গত ৩ এপ্রিল মুলতান সুলতান্সের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পান পারভেজ। সতীর্থ আসিফ আলির সঙ্গে ধাক্কা লাগে তার। সঙ্গে সঙ্গেই মাঠ ছেড়ে যান তিনি।
ওই ম্যাচের প্রথমভাগে ব্যাট হাতে আলো ছড়ান পারভেজ। আসরে প্রথমবার ইনিংস শুরু করতে নেমে পাঁচটি ছক্কা ও দুটি চারে ১৯ বলে ৪৫ রান করেন তিনি। সঙ্গে বাকিদের অবদানে ১৮৫ রানের পুঁজি গড়ে মুলতানকে ২০ রানে হারায় লাহোর।
ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে গত বৃহস্পতিবারের ম্যাচে খেলতে পারেননি পারভেজ। পেশাওয়ার জালমির বিপক্ষে শনিবারের ম্যাচ শুরু হওয়ার আগে তার ছিটকে পড়ার কথা জানায় লাহোর কালান্দার্স।
গত ফেব্রুয়ারির নিলাম থেকে পারভেজকে দলে টানে লাহোর। এক্সেলারেটেড রাউন্ডে ভিত্তিমূল্য ৬০ লাখ পাকিস্তানী রূপিতে তাকে স্কোয়াডে যোগ করে তারা।
হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে টুর্নামেন্টে নিজের অভিষেক ম্যাচে ভালো করতে পারেননি পারভেজ। আউট হয়ে যান ১৪ রানে। পরে করাচি কিংসের বিপক্ষে করতে পারেন কেবল ১২ রান।
ওই দুই ম্যাচে পারভেজকে চার নম্বরে খেলায় লাহোর। পরে মুলতানের বিপক্ষে ওপেনিংয়ে সুযোগ পেয়ে নিজের সামর্থ্যের ঝলক দেখান তিনি।
কিন্তু চোট পিএসএলে তার পথচলা তিন ম্যাচেই থামিয়ে দিল। ১৬১.৩৬ স্ট্রাইক রেটে ৭১ রান করে শেষ হচ্ছে তার এবারের আসর।