০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নামিবিয়ায় ৩-০ ব্যবধানে জয় দক্ষিণ আফ্রিকার

সিরিজের শেষ ওয়ানডেতেও নামিবিয়াকে পাত্তা দিল না প্রোটিয়ারা।

নামিবিয়ায় ৩-০ ব্যবধানে জয় দক্ষিণ আফ্রিকার
দক্ষিণ আফ্রিকার জয়ের ভিত গড়ে দেন বোলাররা। ছবি: ক্রিকেট দক্ষিণ আফ্রিকা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Sep 2026, 07:28 PM

Updated : 17 Sep 2026, 02:59 AM

তিন ম্যাচের তিনটিতেই টস জয়। আগের দুই ম্যাচে রান তাড়ায় মুখ থুবড়ে পড়া নামিবিয়া এবার বেছে নেয় আগে ব্যাটিং। কিন্তু চিত্র বদলায়নি। এবার বরং তারা আটকে গেল আরও কম রানে। আরেকটি দাপুটে জয়ে সিরিজ শেষ করল দক্ষিণ আফ্রিকা।

উইন্ডহুকে রোববার তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার জয় ৯ উইকেটে। দ্বিতীয় সারির দল নিয়ে তিন ম্যাচের সিরিজটি প্রোটিয়ারা জিতল ৩-০ ব্যবধানে।

নামিবিয়া এ দিন ৩৬.২ ওভারে অলআউট হয় ১৫৬ রানে। জবাবে উদ্বোধনী জুটিতেই দক্ষিণ আফ্রিকা তুলে ফেলে ১৫০। লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা ২২ ওভারের মধ্যে।

টানা দ্বিতীয় পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ৬৮ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন কনর এস্তেহেইজেন। চারটি চার ও তিনটি ছক্কায় গড়া তার ইনিংসটি। আগের ম্যাচে তিনি করেন ১১৯।

ওয়ানডে অভিষেকে দেড়শ রানের ইনিংস দিয়ে সিরিজ শুরু করা জর্ডান হার্মান এবার করেন ৫৯ বলে ৭৭। তার ইনিংসটি গড়া ১৩টি চারে। মোট ২৪৭ রান করে তিনিই হন সিরিজ সেরা।

ম্যাচ-সেরা যদিও এই দুজনের কেউ নন। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১০ ওভারে ৩৩ রানে ৪ উইকেট নিয়ে পুরস্কারটি জেতেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক বিয়ন ফোরটান।

ব্যাটিংয়ে নেমে ১৯ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে ফেলে নামিবিয়া। সেই ধাক্কা সামলে তৃতীয় উইকেটে ৫৩ রানের জুটি গড়েন আলেকসান্ডার বিওজিং-ফুলশেংক ও লরেন স্টিনক্যাম্প। কিন্তু এই জুটি ভাঙার পর হুড়মুড় করে ভেঙে পড়ে নামিবিয়ার ব্যাটিং।

২ উইকেটে ৭২ থেকে তাদের স্কোর হয়ে যায় ৯ উইকেটে ১২৫!

জেন গ্রিন ও ম্যাক্স হেইঙ্গোর শেষ জুটির নৈপুণ্যে দেড়শ ছাড়াতে পারে স্বাগতিকরা। ৪২ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন গ্রিন। দুটি করে চার ও ছক্কায় ৬ বলে ২০ রানে অপরাজিত রয়ে যান হেইঙ্গো।

ছোট লক্ষ্য তাড়ায় হার্মান ও এস্তেহেইজেনের চমৎকার ব্যাটিংয়ে এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৩৯ বলে ফিফটি করেন হার্মান। পঞ্চাশ ছুঁতে এস্তেহেইজেনের লাগে ৫৩ বল। ৯০ বলে স্পর্শ করে তাদের জুটির শতরান।

প্রায় ৯ বছর পর ওয়ানডেতে ১০ উইকেটে জয়ের পথেই ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ৭ রান বাকি থাকতে ওয়াল্ডো স্মিথের ইয়র্কারে বোল্ড হয়ে যান হার্মান।

নিয়মিত ক্রিকেটারদের অনেককে বিশ্রাম দিয়ে এই সফরে গিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর দুই সংস্করণ মিলিয়ে সাত ম্যাচের সবকটি জিতে সফর শেষ করল প্রোটিয়ারা।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে তারা পূর্ণ শক্তির দল নিয়েই।

সংক্ষিপ্ত স্কোর:

নামিবিয়া: ৩৬.২ ওভারে ১৫৬ (ফন লিঙ্গেন ২, বিওজিং-ফুলশেংক ৩১, ফ্রাইলিঙ্ক ২, স্টিনক্যাম্প ২৩, এরাজমাস ৩, লফটি-ইটন ৪, গ্রিন ৩৩, ট্রাম্পেলমান ১৩, স্মিথ ২, ব্রাসেল ৩, হেইঙ্গো ২০*; মাফাকা ৫.২-০-১৮-২, কর্বিন বশ ৬-০-২৪-১, এনকোবানি ৫-০-১৫-০, ফোরটান ১০-০-৩৩-৪, ইথান বশ ৫-০-২০-০, পিটার ৫-০-৩৯-২)

দক্ষিণ আফ্রিকা: ২১.৩ ওভারে ১৫৭/১ (হার্মান ৬৬, এস্তেহেইজেন ৬৮*, ব্রেভিস ৬*; ট্রাম্পেলমান ৪-০-২৫-০, ব্রাসেল ৬-০-৩৬-০, এরাজমাস ৩-০-২৩-০, হেইঙ্গো ৪.৩-০-৩২-০, লফটি-ইটন ১-০-৮-০, স্মিথ ৩-০-২৯-১)

ফল: দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী

সিরিজ: ৩ ম্যাচের সিরিজ ৩-০ তে জয়ী দক্ষিণ আফ্রিকা

ম্যান অব দা ম্যাচ: বিয়ন ফোরটান

ম্যান অব দা সিরিজ: জর্ডান হার্মান