Published : 30 Jan 2026, 10:17 PM
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সংযুক্ত আরব আমিরাত দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার ধ্রুভ পারাশার ও উদ্বোধনী ব্যাটসম্যান মায়াঙ্ক কুমার। এই দুজন এসেছেন বর্তমানে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা বাসিল হামিদ ও রাহুল চোপড়ার জায়গায়।
অভিজ্ঞ ব্যাটসম্যান মুহাম্মাদ ওয়াসিমের নেতৃত্বে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আরব আমিরাত। ২০২২ সালে তাদের সবশেষ খেলা টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে এবারের দলে আছেন কেবল তিন জন- ওয়াসিম, আলিশান শারাফু ও জুনাইদ সিদ্দিকি।
এই সংস্করণে আরব আমিরাতের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও সবচেয়ে বেশি রানের রেকর্ড ওয়াসিমের। জুনাইদ তাদের সর্বোচ্চ উইকেট শিকারি।
বাদ পড়া হামিদ ও রাহুল দুজনই গত বৃহস্পতিবার দুবাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ হন। হামিদ খরুচে বোলিংয়ে দুই ওভারে দেন ২৮ রান।
২১ বছর বয়সী পারাশার এখন পর্যন্ত আরব আমিরাতের হয়ে খেলেছেন ৩২টি টি-টোয়েন্টি ম্যাচ, তিনটি ম্যাচ খেলেছেন ২৮ বছর বয়সী মায়াঙ্ক।
আগামী ১০ ফেব্রুয়ারি চেন্নাইয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আরব আমিরাত। ২০ দলের আসরে ‘ডি’ গ্রুপে তাদের অন্য তিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও কানাডা।
সংযুক্ত আরব আমিরাত দল: মুহাম্মাদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শারাফু, আরিয়ানশ শার্মা, ধ্রুভ পারাশার, হায়দার আলি, হার্শিত কৌশিক, জুনাইদ সিদ্দিকি, মায়াঙ্ক কুমার, মুহাম্মাদ আরফান, মুহাম্মাদ ফারুক, মুহাম্মাদ জাওয়াদউল্লাহ, মুহাম্মাদ জোহাইব, রোহিদ খান, শোয়েব খান, সিমরানজিত সিং।