Published : 21 Jan 2026, 08:47 PM
ম্যাচের তৃতীয় ওভারে ক্রিজে গিয়ে প্রায় শেষ পর্যন্ত খেললেন বেন মেইস। আগ্রাসী ব্যাটিংয়ে সম্ভাবনা জাগালেন ডাবল সেঞ্চুরির। অল্পের জন্য সেই কীর্তি গড়তে না পারলেও, চমৎকার ইনিংসটিতে রেকর্ডের একটি পাতায় নাম লেখালেন ইংলিশ ব্যাটসম্যান।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বুধবার স্কটল্যান্ডের বিপক্ষে তিনে নেমে ১১৭ বলে ১৯১ রান করেন মেইস। ইনিংসটি সাজান তিনি ৮ ছক্কা ও ১৮ চারে।
যুব ওয়ানডেতে মেইসের ১৯১ রান ইংল্যান্ডের হয়ে রেকর্ড। আগের সর্বোচ্চ ছিল ড্যান লরেন্সের। ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ১ ছক্কা ও ২৫ চারে ১৫০ বলে ১৭৪ রান করেছিলেন তিনি।
সব দেশ মিলিয়েই যুব ওয়ানডেতে মেইসের চেয়ে বড় ইনিংস খেলতে পেরেছেন কেবল দুইজন। একমাত্র ডাবল সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকার ইউরিখ ফন স্কালভিকের; গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ২১৫ রান করেছিলেন তিনি।
চলতি বিশ্বকাপেই গত শনিবার জাপানের বিপক্ষে ১৯২ রান করেন শ্রীলঙ্কার ভিরান চামুদিথা। যুব বিশ্বকাপে যা সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। আর ২০১৮ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে ১৯১ রান করেছিলেন আরেক শ্রীলঙ্কান হাসিথা বোয়াগোদা।
মেইসের নৈপুণ্যে যুব ওয়ানডেতে প্রথমবারের মতো চারশ রানের পুঁজি গড়েছে ইংল্যান্ড। ৬ উইকেট হারিয়ে ৪০৪ রান করেছে তারা। তাদের আগের সর্বোচ্চ সংগ্রহ ছিল কানাডার বিপক্ষে ২০১৮ সালে করা ৭ উইকেটে ৩৮৩।
হারারেতে স্কটিশদের বিপক্ষে চতুর্থ ওভারে দুটি চার মেরে ডানা মেলে দেন মেইস। সপ্তম ওভারে ইথান র্যামসিকে তিন চার ও এক ছক্কা মারেন তিনি। অলি জোন্সকে ছক্কা ও চারের পর সিঙ্গল নিয়ে ৩২ বলে ফিফটিতে পা রাখেন ১৮ বছর বয়সী ক্রিকেটার।
পঞ্চাশ ছোঁয়ার পরও একই গতিতে রান বাড়াতে থাকেন মেইস। কাঙ্ক্ষিত তিন অঙ্কের ঠিকানায় পা রাখেন তিনি ৬৫ বলে। যুব ওয়ানডে এটি তার প্রথম শতক।
সেঞ্চুরির পর ১১৯ রানে একবার জীবন পান মেইস। মিড-অনে তার ক্যাচ নিতে পারেননি ফিল্ডার। এরপর আর প্রতিপক্ষকে সুযোগ দেননি তিনি। একপ্রান্তে রান বাড়াতে থাকেন ডানহাতি ব্যাটসম্যান।
৯৮ বলে দেড়শ স্পর্শ করে মেইস। একটা সময় মনে হচ্ছিল, প্রথম ব্যাটসম্যান হিসেবে যুব বিশ্বকাপে ডাবল সেঞ্চুরি করে ফেলবেন তিনি। কিন্তু ৪৬তম ওভারে ম্যাক্স চ্যাপলিনের বলে রিভার্স সুইপ করতে গিয়ে কট বিহাইন্ড হয়ে থামে তার অসাধারণ ইনিংস।
মেইসের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৮৮ রানের জুটি গড়েন জোসেফ মুরস। ৪টি ছক্কা ও ৫টি চারে ৬৫ বলে ৮১ রান করেন এই ওপেনার।