Published : 23 Aug 2026, 08:09 PM
অফ স্টাম্পের বাইরে ফুল লেংথ ডেলিভারিতে সপাটে ব্যাট চালিয়ে দিলেন আবু হায়দার। বল যখন ছুটছে কাভার-পয়েন্ট দিয়ে বাউন্ডারিতে, তিনি তখন হাত উঁচিয়ে ছুটছেন অপর প্রান্তের সঙ্গীর দিকে। সেই সঙ্গী আব্দুল গাফফার সাকলাইন নিজেও মুষ্ঠিবদ্ধ হাত ছুড়লেন বাতাসে। পরস্পরকে আলিঙ্গনে জড়ালেন দুজন। ওই বাউন্ডারিতেই নিশ্চিত হলো দলের জয়।
নাহ, শেষ বলের ফয়সালা সেটি নয়। বরং বল বাকি ছিল আরও দুটি। তবে সহজ জয়ের পথে থাকা ম্যাচ হঠাৎই একটু কঠিন হয়ে উঠেছিল। সেটি উতরে জিততে পারার উচ্ছ্বাসই ফুটে উঠল দুজনের উদযাপনে।
অস্ট্রেলিয়ায় টপএন্ড টি-টোয়েন্টিতে হোবার্ট হারিকেন্স একাডেমি ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল।
শেষ সময়ের নায়ক সাকলাইন ও আবু হায়দার হলেও জয়ের মূল দুই নায়ক মোহাম্মদ রুবেল ও সাব্বির রহমান। আগের দিন নেপাল ‘এ’ দলকে নাকানিচুবানি খাইয়ে ৪ উইকেট শিকার করা রহস্য স্পিনার রুবেলের এবারের প্রাপ্তি ৩ উইকেট। জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা সাব্বিরের ব্যাট থেকে আসে ৪৫ বলে ৫৯ রানের ইনিংস।
ডারউইনে রোববার হোবার্ট ২০ ওভারে তোলে ১৫৩ রান। চারে নেমে ৫৩ বলে ৭৮ রানে অপরাজিত থাকেন টিগ উয়াইলি। ২২ বছর বয়সী সম্ভাবনাময় এই ব্যাটসম্যান কিছুদিন আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেছিলেন ১৩০ রানের ইনিংস।
রান তাড়ায় বাংলাদেশ এইচপির শুরুটা ভালো না হলেও দলকে এগিয়ে নেন সাব্বির। পরে লোয়ার মিডল অর্ডারের সম্মিলিত পারফরম্যান্সে ধরা দেয় জয়।
মারারা স্টেডিয়ামে লক্ষ্য তাড়ায় ইনিংসের পঞ্চম বলে স্লগ অফ স্পিনার রাফ ম্যাকমিলানকে স্লগ করার চেষ্টায় উইকেট হারান হাবিবুর রহমান সোহান। আগ্রাসী এই ব্যাটসম্যান ব্যর্থ হলেন টানা দুই ম্যাচে।
পরের ওভারে কেসি বার্টনের বলে আলতো করে মিড অফে ক্যাচিং অনুশীলন করান আরিফুল ইসলাম। তার সঙ্গে আগের দিন ম্যাচ জেতানো জুটিতে ফিফটি করা জিসাম আলমও পারেননি এ দিন ডানা মেলতে।
সেই সময়টায় রানের চাকা সচল রাখেন মূলত সাব্বির। ক্রিজে যাওয়ার পরপর সোজা ব্যাটে চার মেরে তিনি শুরু করেন। পরে দুটি বাউন্ডারি পেয়ে যান ব্যাটের কানায় লেগে থার্ডম্যান দিয়ে। পরে দুর্দান্ত পুল শটে বল আছড়ে ফেলেন গ্যালারিতে।
অধিনায়ক ইরফান শুক্কুর যখন অনেক বাইরের বল তাড়া করে ক্যাচ দিলেন থার্ড ম্যানে, দল তখন বড় বিপদে ৬০ রানে ৪ উইকেট হারিয়ে।
পঞ্চম উইকেট শামীম হোসেনকে নিয়ে ৪৬ রানের জুটিতে দলকে পথে ফেরান সাব্বির। তবে সেই জুটি মূলত ছিল এক ঘোড়ার রথ। শামীম তো যেন ভুলেই গিয়েছিলেন, ম্যাচটি টি-টোয়েন্টি! জাতীয় দলে জায়গা হারানো ব্যাটসম্যান ১৬ রান করতে বল খেলেন ২৪টি।
সাব্বির ফিফটিতে পা রাখেন ৩৬ বলে। তবে এরপর প্রত্যাশিত ঝড় তিনি তুলতে পারেননি। বরং আউট হয়ে যান দলকে নড়বড়ে অবস্থায় রেখে। জয়ের জন্য তখনও প্রয়োজন ছিল ৫ ওভারে ৪০ রান।
তবে সপ্তম উইকেটে এসএম মেহেরব ও সাকলাইনের ২১ বলে ২৯ রানের জুটি দলকে নিয়ে যায় জয়ের কাছে। শেষের আগের ওভারে মেহরব ফিরলেও কাজ শেষ করেন সাকলাইন ও আবু হায়দায়। ১৩ বলে ১৯ রানে অপরাজিত থাকেন সাকলাইন।
ব্যাট হাতে অবদান রাখার আগে ম্যাচের প্রথম ভাগে বল হাতেও একটি করে উইকেট শিকার করেন এই দুজন।
ম্যাচের প্রথম ওভারেই জেইক ডোরানকে ফেরান আবু হায়দার। ক্রিকেট অস্ট্রেলিয়ার হয়ে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটিতে ৭৬ রান করেছিলেন অভিজ্ঞ কিপার-ব্যাটার। বিপজ্জনক হয়ে ওঠার আভাস দেওয়া আরেক ওপেনার ব্র্যাডলি হোপ (১৭ বলে ২২) বোল্ড হন সাকলাইনের স্লোয়ারে।
তবে উয়াইলি ছিলেন ভিন্ন রূপে। তার ব্যাটে চড়েই ১২ ওভারে একশর কাছে পৌঁছে যায় দলের রান। কিন্তু বারবার বাধা হয়ে দাঁড়ান রুবেল।
যথারীতি তার স্পিন-ধাঁধার জট খুলতে যথারীতি হিমশিম খেয়েছেন ব্যাটসম্যানরা। এমনকি পঞ্চদশ ওভারেও উইকেট মেডেন নেন তিনি।
হোবার্টের অধিনায়ক টিম ওয়ার্ড ১৫ রান করেন ১৪ বলে, শেষ দিকে ম্যাকমিলান ১১ রান করতে বল খেলেন ১৭টি।
উয়াইলি তবু দারুণ খেলে দলকে দেড়শ পার করান। কিন্তু সেই স্কোরে লড়াই হলেও জিততে পারেনি তারা।
বাংলাদেশ এইচপি তৃতীয় ম্যাচটি খেলবে টানা তৃতীয় দিনে। ভিক্টোরিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের বিপক্ষে ম্যাচটি শুরু সোমবার বাংলাদেশ সময় সকাল ১১ টায়।
সংক্ষিপ্ত স্কোর:
হোবার্ট হারিকেন্স একাডেমি: ২০ ওভারে ১৫৩/৭ (ডোরান ৬, হোপ ২২, রাধাকৃষ্ণান ৭, উয়াইলি ৭৮*, ওয়ার্ড ১৫, কার্টেন ২, স্যামুয়েল ৫, ম্যাকমিলান ১১, ম্যালাডে ৪; আবু হায়দার ৪-০-৩৫-১, রুবেল ৪-১-২৫-৩, রিপন ৪-০-৩৪-২, সাকলাইন ৪-০-২৫-১, মেহেরব ২-০-১৮-০, শামীম ২-০-১৬-০)
বাংলাদেশ এইচপি: ১৯.৪ ওভারে ১৫৫/৭ (সোহান ৪, জিসান ৯, আরিফুল ৪, সাব্বির ৫৯ , ইরফান ৪, শামীম ১৬, মেহেরব ১৩, সাকলাইন ১৯*, আবু হায়দার ৮* ; ম্যাকমিলান ৪-০-২১-২, বার্টন ৪-০-৪৯-১, ম্যালাডে ৪-০-৩৬-২, বেল ৩.৪-০-৩১-১, রাধাকৃষ্ণান ৪-০-১৫-১)
ফল: বাংলাদেশ হাইপারফরম্যান্স দল ৩ উইকেটে জয়ী।