Published : 29 Jun 2026, 05:49 PM
আয়ারল্যান্ডের ক্রিকেট ইতিহাসের স্মরণীয় এক সাফল্যের পরই দলের কোচিংয়ে পালাবদল। প্রধান কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন হাইনরিখ মালান। চার বছর ধরে সহকারী কোচ হিসেবে কাজ করে আসা গ্যারি উইলসন এখন থেকে আইরিশদের প্রধান কোচ।
২০০৬ সালে আয়ারল্যান্ড আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর প্রথম আইরিশ কোচ উইলসন। ৩০ বছরেরও বেশি আগে জন উইলস ছিলেন আয়ারল্যান্ডে জন্ম নেওয়া সবশেষ কোচ।
মালানের আচমকা বিদায় অনেকটাই চমক। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে মাত্রই টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াস করেছে ভারত। তার চুক্তির মেয়াদ আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত। তবে আগামী বছরের শেষে ওয়ানডে বিশ্বকাপে তাকিয়ে কোচিংয়ের পালাবদলের জন্য এখনই উপযুক্ত সময় মনে করছেন ৪৫ বছর বয়সী কোচ।
২০২২ সালে আয়ারল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব নেন মালান। এই দক্ষিণ আফ্রিকান কোচের হাত ধরে দারুণ কিছু সাফল্য পায় আইরিশরা। বিদায় বেলায় তিনি সেই সাফল্যগুলোয় ফিরে তাকালেন।
“মাঠের খেলায়, আমরা অত্যন্ত গর্বের সাথে স্মরণ করতে পারি টি-টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে আমাদের ঐতিহাসিক জয়, আবু ধাবিতে আফগানিস্তানের বিরুদ্ধে আমাদের প্রথম টেস্ট জয়, ঘরের মাঠে প্রথম টেস্ট জয় বেলফাস্টে জিম্বাবুয়ের বিপক্ষে, ঘরের মাঠে ভারতের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয় এবং পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকাকে হারানোকে।”
“এখানকার ক্রিকেটার, কর্মকর্তা এবং বৃহত্তর আইরিশ ক্রিকেট সম্প্রদায়ের সাথে কাজ করাটা ছিল এক পরম সৌভাগ্য। এখানে বসবাস করে আমার পরিবার ও আমি চমৎকার অভিজ্ঞতা লাভ করেছি। আইরিশ ক্রিকেটের সঙ্গে কাটানো এই সময়টুকু আমরা গভীর ভালোবাসায় লালন করব।”
নতুন কোচ উইলসন আয়ারল্যান্ডের হয়ে খেলেছেন ২ টেস্ট, ১০৫ ওয়ানডে ও ৮১ টি-টোয়েন্টি। নেতৃত্ব দিয়েছেন ২৬ টি-টোয়েন্টিতে। ২০২১ সালে অবসর নিয়ে ঘরোয়া ক্রিকেটে কোচিং করানো শুরু করেন। পরে জাতীয় দলে পরামর্শক ও এক পর্যায়ে সহকারী কোচের দায়িত্ব পান।

৪০ ছর বয়সী কোচ বললেন, অনেক কোচের সঙ্গে কাজ করে তিনি নিজেকে পোক্ত করেছেন।
“ক্রিকেটার হিসেবে আয়ারল্যান্ডের প্রতিনিধিত্ব করে আমি সবসময় দারুণ গর্বিত থাকব। তবে এখন প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করাটা আমার জন্য এক বিশেষ সম্মান, যা আমার কাছে অনেক বড় ব্যাপার।”
“গত কয়েক বছর বিশ্বের সেরা কয়েকজন কোচের সঙ্গে কাজ করার সৌভাগ্য লাভ করেছি এবং অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। যাদের সাথে কাজ করেছি, প্রত্যেকের মাধ্যমেই আমার কোচিং দর্শন সমৃদ্ধ হয়েছে। এই বিশ্বাসগুলো শক্তিশালী যোগাযোগ, ক্রিকেটারদের কাছ থেকে সেরাটা বের করে আনার জন্য সম্পর্ক তৈরি ও বজায় রাখা, কঠোর পরিশ্রম, ক্রিকেটারকেন্দ্রীক দৃষ্টিভঙ্গি এবং যারা সফল হতে দৃঢ়প্রতিজ্ঞ, তাদের জন্য উচ্চ চ্যালেঞ্জ নির্ধারণের ওপর কেন্দ্র করে গড়ে উঠেছে।”
আগামী অগাস্টে দেশের মাঠে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে উইলসনের দায়িত্ব। আগামী মাসজুড়ে নতুন কোচের সঙ্গে কাজ করবেন বিদায়ী কোচ মালান, যাতে আফগানদের বিপক্ষে প্রস্তুতির সময়টায় দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়াটি মসৃণ হয়।