Published : 06 Sep 2025, 10:19 AM
ম্যাচের সেটি শেষ ডেলিভারি, কিন্তু মাত্রই ক্রিজে যাওয়া শামার স্প্রিঙ্গারের সেটিই প্রথম বল। জয়ের জন্য প্রয়োজন দুই রান। আগের বলেই দুই রান নিতে গিয়ে রান আউট হয়ে ফিরেছেন অধিনায়ক ইমাদ ওয়াসিম। তবে এবার তেমন কিছু হলো না। শেরফেইন রাদারফোর্ডের শর্ট অব লেংথ বল ওয়াইড মিড উইকেটে উড়িয়ে অনায়াসেই দুটি রান পেলেন স্প্রিঙ্গার। স্কিল আর নার্ভের পরীক্ষায় জিতে দলকে এনে দিলেন তিনি রোমাঞ্চকর জয়।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) শেষ বলের ফয়সালায় বারবাডোজ রয়্যালসকে ৪ উইকেটে হারাল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে প্লেঅফ একরকম নিশ্চিতই করে ফেলল তারা।
বাংলাদেশের ক্রিকেট অনুসারীদের এই দলটির পরিচয় আপাতত সাকিব আল হাসানের দল। এই দলকে ঘিরে আগ্রহের মূল কারণও সেটিই। সাবেক দলের বিপক্ষে বর্তমান দলের দারুণ জয়ের ম্যাচে ব্যাটে-বলে বিবর্ণ ছিলেন ৩৮ বছর বয়সী অলরাউন্ডার। ৩ ওভারে ৩৩ রানে উইকেটশূন্য ছিলেন তিনি বল হাতে, ব্যাটিংয়ে নেমে আউট হন ১২ বলে ১৫ রান করে।
বাংলাদেশ সময় শনিবার সকালের এই ম্যাচে ঘরের মাঠে ২০ ওভারে ১৮৭ রান তোলে বারবাডোজ। উদ্বোধনী জুটিতেই আসে ৯১ রান।
তবে সেই জুটিতে কুইন্টন ডি কক অনেকটা ছিলেন সহযোগীর ভূমিকায়। ২৮ বলে ২৭ রান করেন প্রোটিয়া কিপার-ব্যাটার। রান বাড়ানোর কাজ করেন ব্র্যান্ডন কিং। গোটা ২০ ওভার খেলে ৬৫ বলে ৯৮ রান করে অপরাজিত থাকেন তিনি সাতটি ছক্কায়।
রাদারফোর্ড করেন ১৭ বলে ২৯, শেষ দিকে ৬ বলে ১৬ রান করেন অস্ট্রেলিয়ান স্পিনিং অলরাউন্ডার ক্রিস গ্রিন।
ষষ্ঠ বোলার হিসেবে নবম ওভারে আক্রমণে আনা হয় সাকিবকে। তার প্রথম ওভারে দুটি বাউন্ডারিতে রান আসে ১২। তার পরের ওভার শেষে আসে ছয়টি সিঙ্গল। তবে এরপর তার ওভারে একটি ছক্কা দুটি চার মারেন কিং। আর বোলিং পাননি সাবেক বাংলাদেশ অধিনায়ক।
রান তাড়ায় অ্যান্টিগা ও বারবুডাকে গতিময় শুরু এনে দেন আমির জাঙ্গু ও আন্দ্রিয়েস হাউস। ১৪ বলে ২৩ রান করে রান আউট হন জাঙ্গু।
তিনে নেমে কারিমা গোর ফেরেন ১ রানে, চারে নেমে কেভিন উইকহ্যাম করেন ২১ বলে ২৬।
সাকিব ক্রিজে যাওয়ার একটু পর ছক্কা মারেন অফ স্পিনার গ্রিনের মাথার ওপর দিয়ে, পরের ওভারে তার ব্যাট থেকে আসে বাউন্ডারি।
তবে পারেননি তিনি ইনিংসকে গতিময় করতে বা বড় করতে। মিডিয়াম পেসার ইথান বশের শর্ট বল পুল করে সরাসরি তুলে দেন তিনি মিড উইকেট সীমানায় ফিল্ডারের হাতে।
হাউসও মূলত লড়াইয়ে রাখেন অ্যান্টিগান অ্যান্ড বারবুডাকে। শেষ ওভারে প্রয়োজন পড়ে ১২ রানের। ওভার বাকি তখন দুই স্পিনার জোমেল ওয়ারিক্যান ও ক্রিস গ্রিনের। তাদেরকে না দিয়ে বারবাডোজ অধিনায়ক রভম্যান পাওয়েল বোলিংয়ে আনেন অনিয়মিত স্লো মিডিয়াম পেসার রাদারফোর্ডকে।
শুরু করেন তিনি টানা দুটি ওয়াইড দিয়ে। এরপর দুই রান নেন ইমাদ ওয়াসিম। রাদারফোর্ড ওয়াইড দেন আবার। এক বলেই তখন পাঁচ রান হয়ে গেছে!
পরের তিন বলে আসে চার রান। পঞ্চম বলে দ্বিতীয় রানের চেষ্টায় রান আউট হন ইমাদ (১১ বলে ১৭)। শেষ বলে স্প্রিঙ্গার দুই রান নিয়ে শেষ করেন কাজ। কোনো বাউন্ডারি ছাড়াই শেষ ওভারে ১২ রান নিয়ে জিতে যায় অ্যান্টিগা অ্যান্ড বারবুডা।
এবারের আসরে ছয় ম্যাচে কোনো জয় অধরাই রইল বারবাডোজের। এই ম্যাচে তারা ক্যাচ হাতছাড়া করে সাতটি। ক্রিস গ্রিন একাই ছাড়েন চারটি, আরেক অস্ট্রেলিয়ান ড্যানিয়েল স্যামস দুটি।
বড় রানের ম্যাচে চার ওভারে ১৩ রান দিয়ে ম্যাচের সেরা সালমান ইরশাদ। অ্যান্টিগা অ্যান্ড বারবুডার পাকিস্তানি পেসার স্লগ ওভারে দুই ওভারে রান দেন স্রেফ আট।
প্রাথমিক পর্বে সাকিবদের আর একটিই ম্যাচ বাকি। গায়ানা অ্যামাজন ওয়ারির্সের বিপক্ষে ম্যাচটি বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৫টায়।