Published : 03 Jul 2026, 11:06 PM
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে দারুণ সেঞ্চুরির পুরস্কার পেলেন ইনোসেন্ট কাইয়া। আড়াই বছর পর জিম্বাবুয়ের ওয়ানডে দলে ফিরেছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।
দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য শুক্রবার ১৫ সদস্যের দল দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। টেস্টের পর এবার ওয়ানডেতে নেতৃত্বের অভিষেক হতে যাচ্ছে রিচার্ড এনগারাভার।
তার নেতৃত্বে হারারে টেস্টে বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারায় জিম্বাবুয়ে। দলের একমাত্র ইনিংসে ১৪০ রানের দারুণ ইনিংস খেলেন কাইয়া। এই সংস্করণে তিন ম্যাচে তার প্রথম সেঞ্চুরি এটি।
এর আগের ম্যাচে গত মাসে বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে ‘এ’ দলের হয়ে বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচেও সেঞ্চুরি করেন কাইয়া।
গত কয়েক মাস ধরেই দারুণ ছন্দে আছেন ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যান। সব ধরনের ক্রিকেট মিলিয়ে নিজের সবশেষ ১০ ম্যাচে তিনি সেঞ্চুরি করেছেন ছয়টি, ফিফটি একটি।
জিম্বাবুয়ের হয়ে ১৯ ওয়ানডের সবশেষটি কাইয়া খেলেছেন ২০২৩ সালের ডিসেম্বরে।
জিম্বাবুয়ে সবশেষ ওয়ানডে খেলেছে প্রায় এক বছর আগে। গত বছরের অগাস্টে ঘরের মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশড হয়েছিল তারা।
ওই সিরিজে দলকে নেতৃত্ব দেন শন উইলিয়ামস। গত নভেম্বরে জিম্বাবুয়ে ক্রিকেট জানায়, অভিজ্ঞ এই ব্যাটসম্যান মাদকাসক্তির সঙ্গে লড়াই করছেন এবং তাকে আর জাতীয় দলে বিবেচনা করা হবে না। পরের মাসে টেস্ট ও ওয়ানডের নেতৃত্ব দেওয়া হয় এনগারাভাকে।
পেস আক্রমণে এনগারাভার সঙ্গে আছেন ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভান্স, নিউম্যান ন্যামহুরি ও আর্নেস্ট মাসুকু।
বাংলাদেশের বিপক্ষে টেস্টে না থাকলেও ওয়ানডেতে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা।
রায়ান বার্ল, টাডিওয়ানাশে মারুমানি ও ওয়েলিংটন মাসাকাদজাও দলে ফিরেছেন। বার্ল সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২৪ সালের জানুয়ারিতে, মারুমানি ও মাসাকাদজা ২০২৫ সালের ফেব্রুয়ারিতে।
আগামী সোমবার হারারেতে হবে প্রথম ম্যাচ।
জিম্বাবুয়ে ওয়ানডে স্কোয়াড: রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, বেন কারান, ক্রেইগ আরভিন, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাডান্ডে, ওয়েসলি মাধেভেরে, টাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, আর্নেস্ট মাসুকু, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান ন্যামহুরি, সিকান্দার রাজা।