Published : 11 Jul 2026, 03:31 PM
আন্তর্জাতিক ক্রিকেটের পথচলায় দুটি মাত্র সিরিজ হার এমন উল্লেখযোগ্য কিছু নয়। তবে যে দল টানা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন, এই সংস্করণে যারা ছিল অপ্রতিরোধ্য, তাদের জন্য চোখে লাগার জন্যই ব্যাপার। নড়েচড়ে বসেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে ভারতীয় দলের ব্যর্থতার ‘রিভিউ’ করবে নিয়ন্ত্রণ সংস্থাটি।
গত মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার পর নেতৃত্বে পরিবর্তন আনে ভারত। নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে প্রথম সিরিজে আয়ারল্যান্ডের কাছে দুই ম্যাচের দুটিতেই হেরে বসে তারা অভাবনীয়ভাবে। আগে কখনও আইরিশদের কাছে একটি ম্যাচও হারের স্বাদ ছিল না তাদের।
এরপর ইংল্যান্ডে গিয়েও পাঁচ ম্যাচ সিরিজের চারটি শেষে পিছিয়ে আছে তারা ৩-০ ব্যবধানে। একটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। ইংলিশদর বিপক্ষে একাধিক ম্যাচের সিরিজে ভারতের হার এটিই প্রথম। নিজেদের ইতিহাসে প্রথমবার টানা ছয় ম্যাচ জয়হীন আছে তারা।
বিসিসিআই সচিব দেভাজিৎ সাইকিয়া পিটিআইকে জানান, এই সিরিজের ভারতের পারফরম্যান্স নিয়ে তারা পর্যালোচনা করবেন চলতি মাসের শেষ দিকে।
“ভারতীয় টি-টোয়েন্টি দলের পারফরম্যান্স বর্তমানে পর্যবেক্ষণ করছে বিসিসিআই, ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে যা আশানুরূপ ছিল না। তবে এটি কোনো অস্বাভাবিক বিষয় নয় এবং আন্তর্জাতিক ক্রিকেটে এমনটা হতেই পারে।
আমরা এটিকে নিছক একটি খারাপ সময় হিসেবেই দেখছি। ১৯ জুলাই ওয়ানডে সিরিজ শেষে দল ফিরে আসার পর, ইংল্যান্ডে কী ভুল হয়েছিল তা আলোচনা করার জন্য আমরা দলের মূল সদস্যদের নিয়ে একটি পর্যালোচনা সভা করব। যেহেতু সামনে ওয়ানডে সিরিজ আছে, আমরা আশা করছি যে দল ভালো ফর্মে ফিরে আসবে।”
চলমান এই ব্যর্থতায় দল আঙুল উঠছে ভারতের নির্বাচক কমিটি ও কোচের প্রতি। তবে সাইকিয়া স্পষ্ট করে দিয়েছেন যে, পর্যালোচনা শুধু ক্রিকেটীয় বিষয় নিয়েই হবে।
“পর্যালোচনা সভাটি সুনির্দিষ্টভাবে দলের পারফরম্যান্স এবং ঘাটতিগুলো কীভাবে সংশোধন করা যায়, তা নিয়েই হবে। অন্য কিছু নিয়ে আলোচনা করা হবে না।”
সিরিজের শেষ টি-টোয়েন্টি শনিবার। এই ম্যাচেও হেরে গেলে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাবে ভারত। তিন বা ততোধিক ম্যাচের কোনো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো জয়হীন থাকার অভিজ্ঞতাও হবে।
এই সিরিজ শেষে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। এরপর তারা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে জিম্বাবুয়েতে।