১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত কিংবা পাকিস্তানকে চমকে দিতে চায় আরব আমিরাত

এই দুই শক্তিশালী দলের একটিকে টপকে এশিয়া কাপের সুপার ফোরে খেলার স্বপ্নে বিভোর সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম।

ভারত কিংবা পাকিস্তানকে চমকে দিতে চায় আরব আমিরাত
এশিয়া কাপের অধিনায়কদের সংবাদ সম্মেলনে মোহাম্মদ ওয়াসিম (ডানে)। ছবি: ইউএসই ক্রিকেট এক্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2025, 07:49 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

শক্তি-সামর্থ্য, সাফল্য কিংবা ঐতিহ্য, সব দিক থেকেই ভারত ও পাকিস্তানের চেয়ে যোজন-যোজন পিছিয়ে সংযুক্ত আরব আমিরাত। তবে নিজেদের দিনে এই দুই দলকে হারাতে আত্মবিশ্বাসী মধ্যপ্রাচ্যের দেশটির অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। বললেন, এশিয়া কাপে অঘটন উপহার দিয়ে সুপার ফোরে জায়গা করে নেওয়ার স্বপ্ন তাদের।

এবারের এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের গ্রুপ পড়েছে আরব আমিরাত। ‘এ’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ ওমান। দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বুধবার টুর্নামেন্টে পথচলা শুরু করবে ওয়াসিমরা।

ভারতের বিপক্ষে এখন পর্যন্ত একটি টি-টোয়েন্টি খেলেছে আরব আমিরাত। সেটিও এশিয়া কাপে। ২০১৬ আসরের ওই ম্যাচে তাদেরকে ৮১ রানে থামিয়ে ৯ উইকেটের বড় জয় পেয়েছিল ভারত।

১১ বছর আগের সেই এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষেও খেলেছিল আরব আমিরাত। ওই ম্যাচে ৭ উইকেটে হেরেছিল তারা। এরপর পাকিস্তানের বিপক্ষে আরও দুটি টি-টোয়েন্টি খেলে তারা সম্প্রতি।

ঘরের মাঠে অগাস্ট-সেপ্টেম্বরের ত্রিদেশীয় সিরিজে ওই দুই ম্যাচেও হারের তেতো স্বাদ পায় আরব আমিরাত। তবে লড়াইটা এবার ভালোই করে তারা। প্রথম দেখায় পাকিস্তানের ২০৭ রান তাড়ায় করে ১৭৬ রান। আর দ্বিতীয় ম্যাচে ১৭২ রানের লক্ষ্যে করতে পারে ১৪০ রান। 

ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বিপক্ষেও হাড্ডাহাড্ডি লড়াই করে আরব আমিরাত। এক ম্যাচে তো দারুণ এক জয়ের সম্ভাবনাও জাগায় তারা। শেষ পর্যন্ত ৪ রানের হারের হতাশা সঙ্গী হয় তাদের। আরেকটিতে পায় ৩৮ রানে হারের স্বাদ।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াসিম বলেন, এশিয়া কাপে চমক উপহার দিতে মুখিয়ে আছেন তারা।

“গত দুই-তিন মাস ধরে আমরা কঠোর পরিশ্রম করছি এবং এই সংস্করণে আমরা যেকোনো দলকে হারাতে পারি। নির্দিষ্ট দিনে আমরা কী ঘরানার ক্রিকেট খেলি এবং পরিকল্পনা মতো নিজেদের কাজটা করতে পারি কিনা, সেটার ওপর বিষয়টা নির্ভর করবে।”

“ভারত কিংবা পাকিস্তান যেকোনো এক দলের বিপক্ষে অঘটন উপহার দিতে পারি। আমরা ওমানকে হারাতে পারি। আর ওই দুই প্রতিপক্ষের (ভারত ও পাকিস্তান) একটিকে হারানোর লক্ষ্য থাকবে আমাদের এবং সুপার ফোরে চোখ রাখব আমরা।”

এবারের এশিয়া কাপ হচ্ছে সংযুক্ত আরব আমিরাতেই। ঘরের মাঠে খেলা হওয়ায় বাড়তি সুবিধা হিসেবে স্থানীয় দর্শকদের সমর্থন আশা করছেন ওয়াসিম।

“পাঁচ বছর আগে, কেবল বন্ধুবান্ধব, কাছের মানুষ ও মা-বাবা খেলা দেখতে মাঠে আসত। এখন দেখছি, আমাদের খেলা দেখতে ও সমর্থন দিতে অন্যরাও মাঠে ভিড় জমাচ্ছে।”

গ্রুপ পর্বে আরব আমিরাতের পরের ম্যাচ আগামী সোমবার, আবু ধাবিতে। এক দিন পর দুবাইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে তারা।