১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১৩ বলে ফিফটির পর এবার ৫১ বলে সেঞ্চুরি

৬৫ বলে ১৩৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে রেকর্ড গড়েছেন ৩১ বছর বয়সী ব্যাটসম্যান।

১৩ বলে ফিফটির পর এবার ৫১ বলে সেঞ্চুরি
ইয়ান ফ্রাইলিঙ্কের সেঞ্চুরি উদযাপন। ছবি: ক্রিকেট নামিবিয়া ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2025, 07:40 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

জিম্বাবুয়ের বিপক্ষে ইয়ান ফ্রাইলিঙ্কের ১৩ বলে ফিফটির রেশ এখনও মিলিয়ে যায়নি পুরোপুরি। এর মধ্যেই এবার বিধ্বংসী সেঞ্চুরি উপহার দিলেন নামিবিয়ার ওপেনার। তার নাম উঠে গেল রেকর্ড বইয়ের আরেক পাতায়।  

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে রোববার নাইজেরিয়ার বিপক্ষে ৫১ বলে সেঞ্চুরি করেন ফ্রাইলিঙ্ক। হারারে স্পোর্টস ক্লাবে ১৫ চার ও ৬ ছক্কায় ৬৫ বলে ১৩৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ৩১ বছর বয়সী বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার।

নামিবিয়ার পঞ্চম ব্যাটসম্যান হিসেবে এই সংস্করণে সেঞ্চুরির স্বাদ পেলেন তিনি। তার ১৩৪ রান এখন দেশটির হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তিনি পেছনে ফেলে দিলেন দুই দিন আগে একই মাঠে কেনিয়ার বিপক্ষে জেজে স্মিটের ৩৯ বলে অপরাজিত ১১১ রানের ইনিংসকে।

১০ দিন আগে বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের বিপক্ষে ৩১ বলে ৭৭ রানের ঝড়ো ইনিংস খেলেন ফ্রাইলিঙ্ক। সেদিন তার ১৩ বলে ফিফটি নামিবিয়ার হয়ে দ্রুততম, সব দেশ মিলিয়ে যৌথভাবে তৃতীয় দ্রুততম। 

নামিবিয়ার হয়ে টি-টোয়েন্টিতে এতদিন তার সর্বোচ্চ ইনিংস ছিল সেটিই। সেটি ছাড়িয়ে এবার পা রাখলেন সেঞ্চুরির ঠিকানায়। এই দুই ম্যাচের মাঝে গত শুক্রবার কেনিয়ার বিপক্ষে খেলেন ১৭ বলে ৩৩ রানের ক্যামিও ইনিংস। 

টি-টোয়েন্টি ক্যারিয়ারের শুরুর দিকে ফ্রাইলিঙ্ক ব্যাটিং করতেন লোয়ার অর্ডারে। সেখান থেকে পরে মিডল অর্ডারে এবং গত বছর তাকে তুলে আনা হয় ওপেনিংয়ে। এই পজিশনে ৯ ইনিংসে একটি করে ফিফটি ও সেঞ্চুরি করে ফেললেন তিনি, যেখানে অন্যান্য পজিশনে আগের ৪২ ইনিংসে তার পঞ্চাশ ছোঁয়া ইনিংস ছিল কেবল একটি।

নাইজেরিয়ার বিপক্ষে তার টর্নেডো ইনিংসে ২৩৫ রানের পুঁজি গড়ে ১১৭ রানের জয় পায় নামিবিয়া। দুই ম্যাচে দুই জয়ে বাছাইয়ের ‘এ’ গ্রুপের শীর্ষে আছে তারা।