১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অবশেষে উইকেট পেলেন বুমরাহ, হারের বৃত্ত ভাঙল মুম্বাই

আইপিএলে দুই আসর মিলিয়ে টানা ছয় ম্যাচ উইকেটশূন্য ছিলেন ভারতের তারকা পেসার।

অবশেষে উইকেট পেলেন বুমরাহ, হারের বৃত্ত ভাঙল মুম্বাই
উইকেট নেওয়ার পর জাসপ্রিত বুমরাহর উল্লাস। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2026, 12:21 AM

Updated : 26 Aug 2026, 03:27 PM

আইপিএলে একটি উইকেটের জন্য যেন হাপিত্যেশ করছিলেন জাসপ্রতি বুমরাহ। গুজরাট টাইটান্সের বিপক্ষে ইনিংসের প্রথম বলেই সেই খরা কাটালেন ভারতীয় তারকা পেসার। তার উইকেটের স্বাদ পাওয়ার দিনে জয়ের দেখা পেল মুম্বাই ইন্ডিয়ান্সও।

আহমেদাবাদে সোমবার গুজরাটকে ৯৯ রানে হারিয়েছে মুম্বাই। তিলাক ভার্মার অপরাজিত সেঞ্চুরিতে ১৯৯ রান করে প্রতিপক্ষকে তারা গুটিয়ে দিয়েছে স্রেফ ১০০ রানে।

জয় দিয়ে আসর শুরু করা মুম্বাই আটকে পড়েছিল হারের বৃত্তে। টানা চার ম্যাচে পরাজয়ের তেতো স্বাদ পাওয়া পাঁচবারের চ্যাম্পিয়নরা অবশেষে দেখল আরেকটি জয়ের মুখ।

এই জয়ে পয়েন্ট টেবিলের তলানি থেকে এক লাফে সপ্তম স্থানে উঠে এসেছে হার্দিক পান্ডিয়ার দল।

দলের মতো ব্যর্থতার জালে আটকে গিয়েছিল বুমরাহও। আসরে দলের প্রথম পাঁচ ম্যাচে কোনো উইকেটই নিতে পারেননি তিনি। অথচ আইপিএল শুরুর আগের ম্যাচেই, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ১৫ রানে ৪ উইকেট নিয়ে দলের জয়ে অবদান রেখেছিলেন অভিজ্ঞ পেসার।

কিন্তু ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হওয়ার পর কী যেন হয়ে গেল তার। উইকেটের দেখাই মিলছিল না। ষষ্ঠ ম্যাচে এসে সেই অপেক্ষার অবসান করলেন তিনি। আইপিএলে তার উইকেটের খরা শুরু হয়েছিল গত আসরের শেষ ম্যাচ থেকে।

গুজরাটের রান তাড়ায় প্রথম বলেই দলকে সাফল্য এনে দেন বুমরাহ। সুইং করে বেরিয়ে যাওয়া বলে পয়েন্টে ধরা পড়েন সাই সুদার্শান।

পরে অবশ্য আর কোনো উইকেট পাননি বুমরাহ। তিন ওভারে ১৫ রান দেন তিনি।

ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে গুজরাটের ব্যাটিংয়ে ধস নামান আশ্বিনি কুমার। চার ওভারে ২৪ রান দিয়ে চার শিকার ধরেন বাঁহাতি পেসার। দুটি করে প্রাপ্তি এএম গাজানফার ও মিচেল স্যান্টনারের।

মুম্বাইকে বড় পুঁজি এনে দেওয়ার কারিগর তিলাক জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার। পাঁচ নম্বরে নেমে দলকে একাই টানেন তিনি। আইপিএলে নিজের প্রথম সেঞ্চুরিতে অপরাজিত থাকেন ১০১ রানে। বাঁহাতি এই ব্যাটসম্যান ৪৫ বলের ইনিংসটি সাজান সাতটি ছক্কা ও আটটি চারে।