Published : 15 Nov 2025, 12:52 PM
কয়েক দিনে টানা আলোড়ন আর গুঞ্জনের পর অবশেষে আনুষ্ঠানিকভাবেই নিশ্চিত হলো তুমুল আলোচিত দলবদল। রাভিন্দ্রা জাদেজা ও স্যাম কারানকে রাজস্থান রয়্যালসে পাঠিয়ে সাঞ্জু স্যামসনকে দলে নিল চেন্নাই সুপার কিংস।
আইপিএলে এখন চলছে ‘ট্রেড উইন্ডো।’ এই সময়ে কোনো ক্রিকেটারের সম্মতি ও আইপিএল কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে ক্রিকেটার বিনিময় করতে পারবে দলগুলি। বেশ কজন ক্রিকেটারের এমন বিনিময় চূড়ান্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে সাড়া জাগানো দলবদল স্যামসন-জাদেজার। আইপিএল ইতিহাসেরই সবচেয়ে হাই-প্রোফাই ট্রেডগুলোর একটি এটি।
গোটা আইপিএল ক্যারিয়ারে দুটি মৌসুম দিল্লিতে খেলা ছাড়া বাকি ১১ মৌসুমেই রাজস্থান রয়্যালসে খেলেছেন স্যামসন। দলের অধিনায়ক ছিলেন তিনি, ফ্র্যাঞ্চাইজিটির প্রতীকও হয়ে উঠেছিলেন একরকম। গত মৌসুমের আগেও তাকে ১৮ কোটি রুপিতে ধরে রাখে রাজস্থান।
তবে গত আইপিএল চলার সময় কিছু ব্যাপার নিয়ে দলের সঙ্গে টানাপোড়েন শুরু হয় তার। টুর্নামেন্টের পরে জানা যায়, দল ছাড়তে চান তিনি। আইপিএলের সবচেয়ে ধারাবাহিক পারফরমারদের একজন কোন দলে যাবেন, এ নিয়ে চলছিল নানা আলোচনা। গত কিছুদিনে শোনা যাচ্ছিল, জাদেজা ও কারানকে দিয়ে তাকে নেবে চেন্নাই। শেষ পর্যন্ত সেটিই হলো।
চেন্নাইতে ১৮ কোটি রুপিই পাবেন ৩১ বছর বয়সী কিপার-ব্যাটার।
স্যামসন যেমন ছিলেন রাজস্থানের, জাদেজাও তেমনি চেন্নাইয়ের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন। এই ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন তিনি ১২ মৌসুম। তবে তার আইপিএল ক্যারিয়ারে রাজস্থানের বিশেষ জায়গাও আছে। এই দলের হয়েই যে টুর্নামেন্টে পথচলা শুরু হয়েছিল তার! প্রথম দুই মৌসুম পর আবার তিনি ফিরছেন শুরুর সেই ফ্র্যাঞ্চাইজিতে।
গত মৌসুমের আগে জাদেজাকে ১৮ কোটি রুপিতে ধরে রেখেছিল চেন্নাই। তবে রাজস্থানে তিনি পাবেন ১৪ কোটি রুপি।
গত নিলামে কারানকে ২ কোটি ৪০ লাখ রুপিতে দলে নিয়েছিল চেন্নাই। এবার রাজস্থানেও তিনি পাবেন একই পারিশ্রমিক। তার জন্য এবার নতুন অভিজ্ঞতাও হবে। আগে তিন মৌসুম পাঞ্জাবে ও তিন মৌসুম চেন্নাইয়ে খেলেছেন ইংলিশ এই অলরাউন্ডার।
ট্রেড উইন্ডোর আরেকটি উল্লেখযোগ্য দলবদল হয়েছে মোহাম্মাদ শামির। গত আসরের আগে নিলামে ১০ কোটি রুপিতে এই পেসারকে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। সমান পারিশ্রমিকেই তিনি পাড়ি জমিয়েছেন লাক্ষ্নৌ সুপার জায়ান্টসে।
রাজস্থান রয়্যালস থেকে আগের পারিশ্রমিক ২ কোটি ৪০ লাখ রুপিতে দিল্লি ক্যাপিটালসে নাম লিখিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের সাবেক অধিনায়ক নিতিশ রানা।
লাক্ষ্নৌ থেকে ২ কোটি রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন শার্দুল ঠাকুর, এই ফ্র্যাঞ্চাইজিই গুজরাট টাইটান্স থেকে ২ কোটি ৬০ লাখ রুপিতে নিয়েছে শেরফেন রাদারফোর্ডকে।
দক্ষিণ আফ্রিকার আগ্রাসী অলরাউন্ডার ডনোভান ফেরেইরা ১ কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালস থেকে এখন হয়ে গেছেন রাজস্থানের।
আর্জুন টেন্ডুলকার আগের পারিশ্রমিক ৩০ লাখ রুপিতে খেলবেন এখন লাক্ষ্নৌর হয়ে। তার বাবা সাচিন টেন্ডুলকার যদিও মুম্বাইয়ের টিম ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ অংশ, তবে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পাওয়ার আশাতেই এই দলবদল করেছেন ২৬ বছর বয়সী বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার।
কলকাতা থেকে ৩০ লাখ রুপিতে মুম্বাইয়ে গেছেন লেগ স্পিনার মায়াঙ্ক মারকান্ডে।