আইপিএল
Published : 19 Mar 2026, 10:43 PM
আইপিএল শুরু হতে ১০ দিনও বাকি নেই। এই সময়ে এসে স্যাম কারানকে হারানোর শঙ্কায় পড়েছে রাজস্থান রয়্যালস। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, সম্ভাব্য কুঁচকির সমস্যায় পুরো আসর থেকে ছিটকে পড়তে পারেন ইংলিশ অলরাউন্ডার।
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের সবগুলো ম্যাচে খেলেন ২৭ বছর বয়সী কারান। যেখানে চ্যাম্পিয়ন হওয়া ভারতের বিপক্ষে সেমি-ফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ইংলিশরা।
গত নভেম্বর ‘ট্রেড’ করে চেন্নাই সুপার কিংস থেকে কারানকে দলে টানে রাজস্থান। আইপিএলের উদ্বোধনী আসরের চ্যাম্পিয়নদের হয়ে প্রথমবার খেলার কথা ছিল তার। কিন্তু আপাতত সেটা ভেস্তে যাওয়ার পথে।
কারানের পাশাপাশি রাভিন্দ্রা জাদেজাকে দিয়ে রাজস্থান থেকে সাঞ্জু স্যামসনকে দলে নেয় চেন্নাই। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ে উল্লেখযোগ্য অবদান রেখে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতে নেন স্যামসন।
আইপিএলে এর আগে চেন্নাই ছাড়া স্রেফ পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন কারান। দুই ফ্র্যাঞ্চাইজি মিলে এখন পর্যন্ত ভারতের এই টি-টোয়েন্টি লিগে ৬৪ ম্যাচে ৯৯৭ রান করেছেন তিনি। তার নামের পাশে ফিফটি আছে ছয়টি। সঙ্গে পেস বোলিংয়ে ধরেছেন ৫৯ শিকার।
কারানের ছিটকে পড়া কিংবা তার বদলি হিসেবে কাউকে দলে নেওয়ার কথা এখনও জানায়নি রাজস্থান।
আগামী ২৮ মার্চ শুরু এবারের আইপিএল। ৩০ মার্চ চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে রাজস্থান।