১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আরব আমিরাতে আটকা পড়া বেয়ারস্টোর দেশে ফেরার আকুতি

ইংল্যান্ড লায়ন্সের কোচিং স্টাফের সদস্য এই ইংলিশ ব্যাটসম্যান দেশে ফেরার জন্য সাহায্য চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে।

আরব আমিরাতে আটকা পড়া বেয়ারস্টোর দেশে ফেরার আকুতি
জনি বেয়ারস্টো। ফাইল ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2026, 07:09 PM

Updated : 26 Aug 2026, 03:03 PM

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের বিরূপ প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে রোববার ইংল্যান্ড লায়ন্স (‘এ’ দল) ও পাকিস্তান শাহিনসের (‘এ’ দল) দ্বিতীয় আনঅফিসিয়াল ওয়ানডে বাতিল করা হয়েছে। ইংল্যান্ড লায়ন্সের কোচিং স্টাফের সদস্য ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টো দেশে ফেরার জন্য সাহায্য চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে। 

শনিবার সকালে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধাবস্থা বিরাজ করছে। আরব আমিরাতের আবু ধাবি ও দুবাইয়ে বিস্ফোরণের তথ্য দিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। মধ্যপ্রাচ্যে অসংখ্য ফ্লাইট বাতিল করেছে বিমান সংস্থাগুলো। 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ইরান নিয়ে শনিবার সন্ধ্যায় এক ভিডিও বিবৃতি পোস্ট করেন সামাজিক মাধ্যমে। পরে সেখানে বেয়ারস্টো লেখেন, “আপনি কি আমাদের বাড়িতে ফিরিয়ে নিতে পারবেন???”

৩৬ বছর বয়সী বেয়ারস্টো সামাজিক মাধ্যমেই পরে অভিযোগ করেন, ফ্লাইট বাতিলের পর এয়ারলাইন্সের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি।

“ফ্লাইট বাতিল হওয়ার পর আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। কেউ কি দয়া করে যোগাযোগ করতে পারবেন?”

ইংল্যান্ড লায়ন্সের ম্যাচ বাতিলের পাশাপাশি আরব আমিরাতে ইংল্যান্ড নারী দলের আসন্ন ট্রেনিং ক্যাম্পও আপাতত স্থগিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী সপ্তাহে শুরু হওয়ার কথা ছিল এই ক্যাম্প। 

ইসিবির বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের দল ও স্টাফদের নিরাপত্তা ও সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”