অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন রাবাদা
টেস্ট সিরিজেও দক্ষিণ আফ্রিকার এই ফাস্ট বোলারের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
ঘরের মাঠে আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন কাগিসো রাবাদা। একই দলের বিপক্ষে অক্টোবরে তিন ম্যাচের টেস্ট সিরিজেও এই ফাস্ট বোলারের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
১০ দিন আগে হ্যামস্ট্রিংয়ে চোট পান রাবাদা। ঘরের মাঠে গ্রীষ্মে আটটি টেস্টের প্রথমটির জন্য সময়মতো সেরে উঠতে তার হাতে ছয় সপ্তাহেরও কম সময় আছে।
তার চোটের ধরন নিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) বিস্তারিত প্রকাশ না করলেও, নিশ্চিত করেছে, রাবাদা অন্তত আগামী সাড়ে চার সপ্তাহ মাঠের বাইরে থাকবেন।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে সিএসএ বলেছে, “কাগিসো রাবাদা বর্তমানে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার চিকিৎসক দলের নিবিড় তত্ত্বাবধানে ডান হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার প্রাথমিক পর্যায়ে রয়েছেন।
“তিনি ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে নির্ধারিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি খেলতে পারবেন না। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে তিনি খেলতে পারবেন কি-না, তা নির্ভর করবে তার পুনর্বাসন প্রক্রিয়ার অগ্রগতির ওপর। সিরিজ শুরুর কাছাকাছি সময়ে তাকে দলে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
রাবাদার চোটের তীব্রতা নিয়ে সংশয় তৈরি হওয়ার পর সিএসএ এর এই বিবৃতি এলো। লায়ন্সের বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের মন্তব্যের পর, দক্ষিণ আফ্রিকার একটি প্রকাশনা রোববার জানায়, গ্রেড-থ্রি টিয়ারের কারণে রাবাদা হয়তো তিনটি টেস্টেই খেলতে পারবেন না।
দক্ষিণ আফ্রিকার সাবেক বোলিং কোচ ডোনাল্ড জাতীয় দলের সঙ্গে কাজ করেন না, তিনি জোহানেসবার্গে রাবাদার ঘরোয়া দলে কাজ করছেন। ১০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতার প্রথম রাউন্ডে রাবাদাকে খেলানোর ব্যাপারে আশাবাদী ছিল লায়ন্স, কিন্তু পরে তারা জানতে পারে যে, তিনি খেলতে পারবেন না।
ব্যস্ত মৌসুমের আগে রাবাদার এই চোট দক্ষিণ আফ্রিকার জন্য উদ্বেগের কারণ হবে। লাল বলে তাদের মূল বোলার তিনি। ২০২৫ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ৯ উইকেট দক্ষিণ আফ্রিকার ট্রফি জয়ে রেখেছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। দলের শিরোপা ধরে রাখার আশার চাবিকাঠি রাবাদা। দক্ষিণ আফ্রিকা আশা করবে, টেস্ট সিরিজের কোনো এক পর্যায়ে তিনি ফিরতে পারবেন।
পাঁজরের চোটে দক্ষিণ আফ্রিকার সবশেষ টেস্ট সিরিজেও খেলতে পারেননি রাবাদা। যদিও তাকে ছাড়াই গত বছরের নভেম্বরে দুই ম্যাচের ওই সিরিজে ভারতকে তাদের মাটিতেই ২-০ ব্যবধানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট শুরু হবে আগামী ৯ অক্টোবর, ডারবানে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৮ অক্টোবর, তৃতীয়টি ২৭ অক্টোবর।
