Published : 11 Jun 2026, 02:50 PM
চাচার সঙ্গে দেখা করতে ২০২০ সালে কুইন্সল্যান্ডে গিয়েছিলেন নিখিল চৌধুরি। কোভিডের কারণে বিমান যোগাযোগ বন্ধ হওয়ায় আটকা পড়েন সেখানেই। ভারতীয় এই ক্রিকেটার পরে সেখানেই থেকে যান এবং স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়ে ক্রিকেট খেলতে শুরু করেন। সেই তিনি এখন খেলবেন অস্ট্রেলিয়ার হয়ে!
বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন নিখিল। বিশ্রাম পাওয়া ট্রাভিস হেডের বদলি হিসেবে জায়গা পেয়েছেন ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার।
মজার ব্যাপার হলো, নিখিল এখনও অস্ট্রেলিয়ার নাগরিক নন। ‘পার্মানেন্ট রেসিডেন্সি’ নিয়েই সেখানে খেলছেন এবং এখন আন্তর্জাতিক ক্রিকেটও খেলবেন।
তিনি একাদশে জায়গা পেলে ৬২ বছর পর অস্ট্রেলিয়ার হয়ে খেলবেন ভারতে জন্ম নেওয়া কোনো ক্রিকেটার।
নিখিলের জন্ম দিল্লিতে। তবে খেলেছেন তিনি পাঞ্জাবের হয়ে। আগ্রাসী এই ব্যাটসম্যানের লেগ স্পিনও বেশ কার্যকর। পাঞ্জাবের অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২২ দলে খেলেছেন। পাঞ্জাবের হয়ে লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি অভিষেক তার ২০১৭ সালে। পাঞ্জাবের হয়ে ভিজায় হাজারে ও সৈয়দ মুশতাক আলি ট্রফিতে খেললেও রাঞ্জিতে খেলার সুযোগ পাননি।
২০২০ সালের ওই ঘটনার পর তো তার ক্যারিয়ারের গতিপথই বদলে যায়। ব্রিজবেনে গ্রেড ক্রিকেট খেলার সময় তাকে মনে ধরে যায় বিগ ব্যাশ দল হোবার্ট হারিকেন্সের সেই সময়ের বোলিং কোচ ও সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার জেমস হোপস। তার হাত ধরেই নিখিল সুযোগ পান হোবার্ট হারিকেন্সে।
গত তিন মৌসুমে বিগ ব্যাশে তার পারফরম্যান্স বেশ ভালো। গত আসরে ১১ ইনিংস খেলে ৩০৭ রান করেন তিনি ১৫৩.৫০ স্ট্রাইক রেটে, বল হাতে ৫ উইকেট নেন ওভারপ্রতি ৭.২১ রান দিয়ে।
এই পারফরম্যান্সই তাকে জাতীয় দলে নিয়ে এসেছে, বললেন অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডডেমেইড।
“বেশ কিছুদিন ধরেই তাকে নিয়ে আমাদের আগ্রহ ছিল। এই সফরের জন্য সে ছিল স্ট্যান্ডবাই তালিকায়। ব্রিজবেনে প্রাক-মৌসুম ক্যাম্পে সে ছিল এবং এখন ট্রাভিস হেডের বদলি হিসেবে দলে এসেছে।
“গত মৌসুমে বিগ ব্যাশে তার পারফরম্যান্সে নির্বাচক প্যানেল মুগ্ধ হয়েছে, এজন্যই তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বছরের আইপিএলে সে দিল্লি ক্যাপিটালস দলেরও অংশ ছিল। বাংলাদেশে সে অমূল্য অভিজ্ঞতা অর্জন করবে এবং প্রথম টি-টোয়েন্টি ম্যাচের জন্য যখন আমরা দল নির্বাচন করতে বসব, অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ম্যাচ খেলার বিবেচনায় সে থাকবে ভালোভাবেই।”
অস্ট্রেলিয়ার হয়ে খেলা সবশেষ ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটার রেক্স সেলার্স। ১৯৬৪ সালে কলকাতায় ক্যারিয়ারের একমাত্র টেস্ট ম্যাচটি খেলেছিলেন এই লেগ স্পিনার।
চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়া মিচেল মার্শ ঢাকায় এসেছেন বুধবার। টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ককে পাওয়া যাবে বলে আশাবাদী অস্ট্রেলিয়া।