‘উইন্ডিজের মতো ভুল ইংল্যান্ড করবে না,’ বাবরদের প্রতি শোয়েবের সতর্কবার্তা
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে উত্তরসূরিদের সাবধান করে দিলেন পাকিস্তানের এই সাবেক পেসার।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে বাবর আজমদের সাবধান করে দিলেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এই পেসারের মতে, ইংলিশ কন্ডিশন সামলানো সহজ হবে না তার উত্তরসূরিদের জন্য। ওয়েস্ট ইন্ডিজের মতো ভুলও ইংল্যান্ড করবে না, তাই কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাবরদের জন্য।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ড্র করে পাকিস্তান। এই সিরিজ দিয়ে টেস্ট দলের নেতৃত্বে ফেরেন তারকা ব্যাটসম্যান বাবর। প্রথম ম্যাচে হারার পর, দ্বিতীয় ম্যাচে আট উইকেটে জয় পায় তার দল।
প্রথম টেস্টে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় সবার নিচে নেমে গিয়েছিল পাকিস্তান। পরের ম্যাচ জিতে উঠে আসে আট নম্বরে। ইংল্যান্ডে চ্যালেঞ্জ আরও কঠিনই হওয়ার কথা, অন্তত শোয়েব তেমনটাই মনে করেন।
“ওয়েস্ট ইন্ডিজ যে ভুল করে পাকিস্তানকে জেতার মতো অবস্থানে যেতে দিয়েছে, সেটা ইংল্যান্ড করবে না। ওরা পেস-সহায়ক কন্ডিশন কাজে লাগাবে, যা সামলানো পাকিস্তানের জন্য খুব কঠিন হবে।”
সবশেষ দেশের বাইরে পাকিস্তান টেস্ট জিতেছিল ২০২৩ সালে, শ্রীলঙ্কায়; বাবরের অধিনায়কত্বের প্রথম মেয়াদে। শান মাসুদের নেতৃত্ব দেশের বাইরে উন্নতি করতে পারেনি পাকিস্তান। অস্ট্রেলিয়ায় ৩-০, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশে ২-০ ব্যবধানে হারে তারা।
মাসুদের জায়গায় নেতৃত্বে ফিরে প্রথম সিরিজে জয় এনে দিতে পারেননি বাবর। ইংল্যান্ডে আরেকটি সুযোগ পাচ্ছেন তিনি।
আগামী ১৯ অগাস্ট শুরু হবে প্রথম টেস্ট। পরের দুই ম্যাচ হবে লর্ডস ও এজবাস্টনে।
