Published : 11 Jul 2026, 11:38 AM
চোটের কারণে ‘দা হান্ড্রেড’-এর শুরু দিকটায় নিশ্চিতভাবেই খেলতে পারবেন না মুস্তাফিজুর রহমান। তবে আদৌ তিনি এই টুর্নামেন্টে খেলতে পারবেন কি না, সেটিই পরখ করে দেখতে চায় তার দল বার্মিংহাম ফিনিক্স। এই ফ্র্যাঞ্চাইজির মেডিকেল বিভাগের মূল্যায়নের জন্য তাই দলের সঙ্গে যোগ দেবেন বাংলাদেশের অভিজ্ঞ পেসার।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে পড়ার পর বিসিবি থেকে বলা হয়েছে, সুস্থ হয়ে উঠতে চার সপ্তাহের মতো সময় লাগবে তার। দেশে ফিরে পুনবার্সন চলবে বলেও জানিয়েছিলেন জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান।
তবে বার্মিংহাম ফিনিক্স শুক্রবার বিবৃতিতে জানায়, “সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডেতে চোট পেলেও মুস্তাফিজুর রহমান ‘পূর্ব পরিকল্পনা অনুযায়ী বার্মিংহাম ফিনিক্সের সঙ্গে যোগ দেবেন।”
বিবৃতিতে উল্লেখ করা হয়, “ডান হাঁটুতে হ্যামস্ট্রিং টিয়ার এবং মেনিস্কাল ডিজেনারেশনের শিকার হয়েছেন মুস্তাফিজ এবং জিম্বাবুয়ে সফরের বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না। তবে ফিনিক্সের মেডিকেল বিভাগের মূল্যায়নের জন্য তিনি আগামী সপ্তাহে বার্মিংহামে যাবেন।”
বার্মিংহাম ফিনিক্সের পারফরম্যান্স পরিচালক জেমস থমাসের প্রতিক্রিয়াতেও ফুটে উঠল, মুস্তাফিজের চোটের অবস্থা তারা নিজেরা ভালোভাবে পরখ করে সিদ্ধান্ত নিতে চান।
“মুস্তাফিজ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত হয়েছে যে, পরিকল্পনা অনুযায়ী আগামী সপ্তাহে আমাদের মেডিকেল বিভাগের মূল্যায়নের জন্য তিনি বার্মিংহামে যাবেন। এরপর আমরা নির্ধারণ করতে পারব যে, তিনি এ বছর ‘দা হান্ড্রেড’-এ অংশ নিতে পারবেন কি না।”
“আমরা আশাবাদী যে, মুস্তাফিজ এ বছর বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলতে পারবেন। তবে আমাদের মূল্যায়নের সম্ভাব্য সব ফলাফলের জন্য পরিকল্পনা প্রস্তুত রাখব আমরা। ততদিন পর্যন্ত আমরা মুস্তাফিজের দ্রুত আরোগ্য কামনা করছি এবং চোটের অবস্থা আরও ভালোভাবে মূল্যায়ন ও মাঠে ফেরার জন্য যথাযথ প্রোটোকল পরিকল্পনা করার ক্ষেত্রে আমাদের সমন্বিত প্রচেষ্টা নিশ্চিত করতে বিসিবির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাব।”
এই বিবৃতি থেকে পরিষ্কার, মুস্তাফিজের অপেক্ষায় থেকে কোনো ঝুঁকি নিতে চায় না বার্মিংহাম ফিনিক্স। চোটের অবস্থা গুরুতর মনে হলে হয়তো বিকল্প কাউকে নিতে পারে দলটি।
গত সোমবার জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হ্যামস্ট্রিংয়ে টান লাগায় ৬ ওভার বোলিং করে মাঠ ছাড়েন মুস্তাফিজ। ওই হাঁটুতেও তার সমস্যা আছে, যা তাকে ভোগাচ্ছে বেশ কিছুদিন ধরে।
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দা হান্ড্রেড-এ খেলার কথা মুস্তাফিজের। ইংল্যান্ডের ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্টের এবারের মৌসুম শুরু আগামী ২১ জুলাই।