১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এক মৌসুমেই রাজস্থান-দ্রাবিড় সম্পর্ক শেষ

আইপিএলের আগামী আসরে রাজস্থান রয়্যালসের প্রধান কোচ থাকছেন না ভারতের এই ব্যাটিং গ্রেট।

এক মৌসুমেই রাজস্থান-দ্রাবিড় সম্পর্ক শেষ
রাজস্থান রয়্যালসের ডাগআউটে প্রধান কোচ রাহুল দ্রাবিড়। ছবি: বিসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2025, 04:44 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

চুক্তি ছিল একাধিক বছরের। কিন্তু স্রেফ এক মৌসুম যেতেই রাজস্থান রয়্যালসের সঙ্গে রাহুল দ্রাবিড়ের পথচলা থেমে গেল। ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচের দায়িত্বে থাকছেন না ভারতের ব্যাটিং গ্রেট।

৫২ বছর বয়সী দ্রাবিড়ের সঙ্গে সম্পর্কের ইতি টানার কথা শনিবার এক বিবৃতিতে জানায় রাজস্থান। সেখানে তারা উল্লেখ করে, আরও বড় পরিসরের দায়িত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল দ্রাবিড়কে, কিন্তু তিনি তা গ্রহণ করেননি।

দ্রাবিড়ের কোচিংয়ে গত আইপিএল বাজে কাটে রাজস্থানের। ১০ দলের মধ্যে নবম স্থানে থেকে আসর শেষ করে তারা। ২০২১ সালের পর যা দলটির সবচেয়ে খারাপ পারফরম্যান্স। ১৪ ম্যাচে স্রেফ ৪টিতে জয়ের স্বাদ পায় সাঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন দল।

দলের এমন ভরাডুবির পর কাঠামোগত পর্যালোচনা করে রাজস্থান। সেই পথ ধরেই দ্রাবিড়ের সঙ্গে তাদের সম্পর্কে ছেদ পড়ল।

২০১১ সালে খেলোয়াড় হিসেবে রাজস্থানে যোগ দেন দ্রাবিড়। পরের দুই আসরে ছিলেন দলটির অধিনায়ক। ২০১৪ ও ২০১৫ সালে ফ্র্যাঞ্চাইজিটির টিম ডিরেক্টর ও মেন্টর হিসেবে কাজ করেন তিনি।

২০১৯ সালে ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান হওয়ার পর আইপিএল থেকে দূরে ছিলেন দ্রাবিড়। ২০২১ সালে হন ভারতের প্রধান কোচ। তিন বছরে দলকে অনেক সাফল্য এনে দেন তিনি।

তার কোচিংয়ে ভারতের সবচেয়ে বড় প্রাপ্তি ধরা দেয় গত বছর। দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে তারা, ১১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ঘরে তোলে আইসিসির কোনো শিরোপা।

গত বছর দ্রাবিড়কে একাধিক বছরের চুক্তিতে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় রাজস্থান। কিন্তু সেই পথচলা বেশি লম্বা হলো না তার। 

চলতি মাসের শুরুতে খবর বের হয়, রাজস্থান ছাড়তে চান স্যামসনও, যিনি ২০২১ সাল থেকে দলটির অধিনায়কত্ব করছেন। গত বছরের মেগা নিলামের আগে তাকে ১৮ কোটি রুপিতে ধরে রাখে ফ্র্যাঞ্চাইজিটি।

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে শিরোপা জয়ের পর আর কেবল একবারই ফাইনাল খেলতে পেরেছে রাজস্থান। ২০২২ সালে গুজরাট টাইটান্সের বিপক্ষে হেরে রানার্স-আপ হয় তারা।