১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘কোহলিকে আউট করা প্রায় অসম্ভব’

প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান কোহলিকে স্তুতির জোয়ারে ভাসালেন দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার মার্কো ইয়ানসেন।

‘কোহলিকে আউট করা প্রায় অসম্ভব’
ভিরাট কোহলি। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2025, 05:56 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

ভিরাট কোহলির বিপক্ষে পরিসংখ্যান খারাপ নয় মার্কো ইয়ানসেনের। তবে ভারতের ব্যাটিং গ্রেটকে বোলিং করা খুবই চ্যালেঞ্জিং মনে করেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার। তার মতে, একবার ছন্দ পেয়ে গেলে কোহলিকে আউট করা প্রায় অসম্ভব।

রাঁচিতে রোববার সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে খুব ভোগান কোহলি। ৭ ছক্কা ও ১১ চারে ১২০ বলে খেলেন ১৩৫ রানের মাস্টারক্লাস ইনিংস। যার সৌজন্যে ৩৪৯ রানের পুঁজি গড়ে সফরকারীদের ১৭ রানে হারায় ভারত।

আগে থেকেই ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরির বিশ্ব রেকর্ড কোহলির। ৫২তম শতকে সেটিকে আরও সমৃদ্ধ করেন তিনি। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি ছয়টি শতকের রেকর্ডও গড়েন ডানহাতি এই ব্যাটসম্যান।

কোহলিকে শেষ পর্যন্ত ফেরাতে পারেন পেসার নান্দ্রে বার্গার। তার স্লোয়ার বল এক্সট্রা কাভার দিয়ে খেলার চেষ্টায় টাইমিং ঠিকমতো করতে পারেননি কোহলি। কাভার থেকে পেছনের দিকে অনেকটা দৌড়ে ক্যাচ নেন রায়ান রিকেলটন।

কোহলির বিপক্ষে ৪ টেস্ট খেলে তিনবার তাকে আউট করতে পেরেছেন ইয়ানসেন। এই পেসার টি-টোয়েন্টিতে কোহলিকে ফিরিয়েছেন একবার, সেটাও এক ম্যাচ খেলেই। কিন্তু ওয়ানডেতে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে কোহলিকে আউট করতে পারেননি তিনি।

ম্যাচটি হারের পর কোহলিকে স্তুতির জোয়ারে ভাসান ইয়ানসেন।

“বিশ্বমানের ব্যাটসম্যানদের বিপক্ষে বল করে তাদের আউট করা বেশ কঠিন। আমি সবসময় চেষ্টা করি একজন ব্যাটসম্যানকে প্রথম ১০ থেকে ১৫ বলের মধ্যে ফেরাতে। ওই সময়টায় সে উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টায় থাকে।”

“একবার তারা মাঠে নেমে ছন্দ খুঁজে পেলে, তাদের থামানো খুবই কঠিন। এখানে সবাই জানে কীভাবে খেলতে হয়-তাই আপনাকে বিকল্প পরিকল্পনায় যেতে হবে।”

প্রথমবার কোহলিকে যখন বোলিং করেন ইয়ানসেন, তখন তার বয়স ছিল ১৭। ২০১৭-১৮ মৌসুমে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরে নেটে সফরকারীদের তারকা ব্যাটসম্যানকে বোলিং করেছিলেন তিনি।

সময়ের সেরা ব্যাটসম্যানদের একজনকে এখনও বোলিং করতে পেরে ভালো লাগছে ইয়ানসেনের।

“তাকে খেলতে দেখে ভালো লাগছে। টিভিতে তার খেলা দেখে বড় হয়েছি এবং এখন তাকে বোলিং করছি…সে ভালো ড্রাইভ খেলে, পুল, কাট ও পায়ের ওপরের বল; সবই দারুণ খেলে। আমার মনে হয় না খুব বেশি কিছু বদলেছে-এখন কেবল সে আরও লম্বা ইনিংস খেলছে।”

সিরিজে সমতায় ফেরার লক্ষ্যে রায়পুরে আগামী বুধবার দ্বিতীয় ওয়ানডেতে ভারতের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।