১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

আইএল টি-টোয়েন্টিতে দল না পেয়ে যে সিদ্ধান্ত নিলেন অশ্বিন

‘আমার ভিত্তিমূল্য কমাতে রাজি হইনি’, নিলামে অবিক্রিত থাকার পর বললেন ভারতের অফ স্পিনিং গ্রেট।

আইএল টি-টোয়েন্টিতে দল না পেয়ে যে সিদ্ধান্ত নিলেন অশ্বিন
রাভিচান্দ্রান অশ্বিন। ছবি: আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2025, 08:29 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

প্রত্যাশিত পারিশ্রমিক না পেলে দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে চান না রাভিচান্দ্রান অশ্বিন। আইএল টি-টোয়েন্টির নিলামে প্রথম রাউন্ডে অবিক্রিত থাকার পর তাৎক্ষণিক বাকি রাউন্ডগুলো থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন বলে দাবি করলেন তিনি। বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে গোটা আসরে খেলবেন ভারতের অফ স্পিনিং গ্রেট।

সামনের বিগ ব্যাশে প্রাথমিকভাবে প্রথম পর্বের শেষ দিকের কয়েকটি ম্যাচ ও সম্ভাব্য প্লে-অফে খেলার জন্য সিডনি থান্ডারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন অশ্বিন। এখন পুরো মৌসুমের জন্য চুক্তি করেছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। 

আগামী ১৪ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে বিগ ব্যাশ। সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টি হবে ২ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। এই প্রতিযোগিতায় খেলে বিগ ব্যাশে যাওয়ার পরিকল্পনা করেছিলেন অশ্বিন। নিলামে সবচেয়ে বেশি ভিত্তিমূল্যের (১ লাখ ২০ হাজার মার্কিন ডলার) ক্যাটাগরিতে নাম দিয়েছিলেন তিনি। 

কিন্তু বুধবারের নিলামে প্রথম রাউন্ডে ছয় ফ্র্যাঞ্চাইজির কেউই তার প্রতি আগ্রহ দেখায়নি। পরের রাউন্ডগুলোয় দল পাওয়ার সম্ভাবনা থাকলেও, নিজের চাওয়া পূরণ না হওয়ায় নাম প্রত্যাহার করে নেন বলে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে জানান অশ্বিন।  

“মূল্য নিয়ে আমার প্রত্যাশা পূরণ না হলে ক্যারিয়ারের এই পর্যায়ে না খেলতে পেরেই খুশি আমি।”

“থান্ডারের সঙ্গে চুক্তির কারণে আগে নাম প্রত্যাহার করে নেওয়ার কথা নিলামের কয়েকদিন আগেই ভেবেছিলাম আমি। কিন্তু যেহেতু আইএল টি-টোয়েন্টিকে আগেই প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, আমি নিলামে নাম দেব, তাই কথা রেখেছি। তবে আমার ভিত্তিমূল্য কমাতে রাজি হইনি।”

সিডনি থান্ডারের হয়ে বিগ ব্যাশের পুরো আসরে খেলার কথাও নিশ্চিত করেন অশ্বিন, “আমি পুরো মৌসুমের জন্য সিডনি থান্ডারের সঙ্গে চুক্তি করেছি।”

ভারতের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন অশ্বিন। 

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ও দেশের ঘরোয়া ক্রিকেটে সক্রিয় পুরুষ ক্রিকেটাররা দেশের বাইরের টি-টোয়েন্টি লিগে খেলার অনুমতি পান না।

গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরের মাঝপথে অনেকটা চমকে দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন অশ্বিন। তার আন্তর্জাতিক ক্যারিয়ারের পথচলাও তাতে থেমে যায়। গত অগাস্টের শেষ দিকে আচমকা আইপিএলকেও বিদায় বলে দিলে দেশের বাইরের লিগে খেলার পথ খুলে যায় তার।