২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

দক্ষিণ আফ্রিকা সফরেও পাকিস্তানের কোচ গিলেস্পি, এরপর…

পাকিস্তানের কোচ হিসেবে জেসন গিলেস্পির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দূর করতে পিসিবির দেওয়া বিবৃতিতে ধোঁয়াশা জাগল নতুন করে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2024, 08:56 AM

Updated : 26 Aug 2026, 10:56 AM

পাকিস্তানের টেস্ট কোচ হিসেবে জেসন গিলেস্পির ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন ও খবর দেখে একটি বিবৃতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, পরের সিরিজেও কোচের দায়িত্বে থাকছেন সাবেক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার। তবে এর পরের ভবিষ্যৎ নিয়ে আর কিছু উল্লেখ নেই সেখানে।

পাকিস্তানের টেস্ট দলের কোচ হিসেবে গিলেস্পির সঙ্গে পিসিবির চুক্তি ২০২৬ সাল পর্যন্ত। কিন্তু গত কিছুদিন ধরেই পাকিস্তানের সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হতে থাকে, তাকে আর দায়িত্বে রাখছে না বোর্ড। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো রোববার জানায়, গিলেস্পির জায়গায় দায়িত্ব দেওয়া হচ্ছে আকিব জাভেদকে। 

সাবেক এই পেসার এখন পাকিস্তানের নির্বাচক কমিটির সদস্য। সোমবারই তাকে কোচ ঘোষণা করা হতে পারে বলে জানায় ইএসপিএনক্রিকইনফো। গ্যারি কার্স্টেন সাদা দলের দায়িত্ব ছাড়ার পর সেখানে আকিবের নাম শোনা যাচ্ছে আগে থেকেই।

নানা আলোচনার স্রোতের মধ্যে পিসিবি রোববার রাতে সামাজিক মাধ্যমে জানায়, “আগে যেমন ঘোষণা দেওয়া হয়েছিল, দক্ষিণ আফ্রিকাতে দুটি লাল বলের ম্যাচে দলের কোচ হিসেবে চালিয়ে যাবেন জেসন গিলেস্পিই।”

কিন্তু পরের সময়টা নিয়ে আর কিছু উল্লেখ করা হয়নি। ডিসেম্বর-জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। এরপরই দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সেখানে কোচ থাকবেন কে, এটা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে এখন। 

কার্স্টেনের পদত্যাগের পর চলতি অস্ট্রেলিয়া সফরে সাদা বলের দলের অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন গিলেস্পি। তাকে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত এই দায়িত্বে রাখার একটা আলোচনা আগে ছিল। তবে সেটা হচ্ছে না বলে কিছুদিন আগে নিশ্চিত করেছে পিসিবি। পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর, মূলত গিলেস্পিই এই প্রস্তাবে রাজি হননি।

মূলত কিছুদিন আগ আকিব জাভেদকে নির্বাচক কমিটিতে আনার পর থেকেই গিলেস্পির সঙ্গে বোর্ডের টানাপোড়েন শুরু। দল নির্বাচন থেকে বিভিন্ন ক্ষেত্রে কোচের ক্ষমতা কমিয়ে একদম সীমিত করা হয়। গিলেস্পি সেটা নিয়ে প্রকাশ্যেই অসন্তুষ্টি জানিয়ে বলেন, তার কাজ এখন স্রেফ ম্যাচের দিনেই সীমাবদ্ধ। আকিবই মূলত পাকিস্তানের ক্রিকেট চালাচ্ছেন বলে পাকিস্তানের সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।