Published : 24 Nov 2025, 07:54 PM
যে উইকেটে ছড়ি ঘুরিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা, সেখানেই মুখ থুবড়ে পড়েছে ভারতের ব্যাটিং। স্বাগতিকদের এমন পারফরম্যান্সের কড়া সমালোচনা করেছেন রাভি শাস্ত্রি। দেশটির সাবেক প্রধান কোচের চোখে তার উত্তরসূরিদের ব্যাটিং ছিল খুবই সাধারণ মানের।
গুয়াহাটিতে ব্যাটিং সহায়ক উইকেটে প্রথম ইনিংসে ৪৮৯ রান করে দক্ষিণ আফ্রিকা। দলটির হয়ে ৭ নম্বরে নেমে ১০৯ রানের ইনিংস খেলেন সেনুরান মুথুসামি। নয়ে নেমে অল্পের জন্য সেঞ্চুরি পাননি মার্কো ইয়ানসেন, ফেরেন ৯৩ রান করে।
অথচ একই পিচে একের পর এক বাজে শটে উইকেট বিলিয়ে ভারত গুটিয়ে যায় ২০১ রানে। স্বাগতিকদের হয়ে ফিফটি করতে পারেন কেবল ইয়াশাসভি জয়সওয়াল, ৫৮। তাদের ব্যাটিংয়ে ধস নামিয়ে ৪৮ রানে ৬ উইকেট নেন ইয়ানসেন।
২৮৮ রানের লিড নিয়েও অবশ্য ভারতকে ফলো-অন করায়নি দক্ষিণ আফ্রিকা। আবার ব্যাটিংয়ে নেমে প্রতিপক্ষকে বড় লক্ষ্য ছুঁড়ে দেওয়ার পথে হাঁটছে তারা।
ভারতের উদ্বোধনী জুটিতে আসে ৬৫ রান। এরপর দ্রুত উইকেট হারিয়ে তাদের রান হয়ে যায় ৭ উইকেটে ১২২। ভারতের ব্যাটসম্যানদের নিবেদন নিয়ে তখনই প্রশ্ন তোলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক শন পোলক। এরপরই রিশাভ পান্ত, ধ্রুব জুরেল, রাভিন্দ্রা জাদেজাদের শূলে চড়ান শাস্ত্রি।
“এটা এখনও ভালো উইকেট। ১৪২ রানে (আসলে ১২২) ৭ উইকেট হারানোর মতো পিচ নয় এটা, খুবই সাধারণ মানের ব্যাটিং। ভারতকে স্বীকার করতেই হবে যে, এটা খুবই সাধারণ মানের ব্যাটিং।”
তৃতীয় দিন শেষে ৩১৪ রানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।