২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ইংল্যান্ডকে শাস্তি দেওয়া হলে ভারতকে কেন নয়, প্রশ্ন ভনের

লর্ডস টেস্টে মন্থর ওভার রেটের কারণে দুই দলেরই শাস্তি পাওয়া উচিত ছিল বলে মনে করেন সাবেক ইংলিশ অধিনায়ক।

ইংল্যান্ডকে শাস্তি দেওয়া হলে ভারতকে কেন নয়, প্রশ্ন ভনের
মাইকেল ভন। ছবি: এক্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2025, 07:59 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির লর্ডস টেস্টে মন্থর ওভার রেটের কারণে শুধু ইংল্যান্ডকে শাস্তি দেওয়ার আইসিসির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন মাইকেল ভন। সাবেক ইংলিশ অধিনায়কের মতে, একই কারণে ভারতেরও শাস্তি পাওয়া উচিত ছিল। 

ক্রিকেট-তীর্থ লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে রুদ্ধশ্বাস লড়াইয়ে ভারতকে ২২ রানে হারায় ইংল্যান্ড। বুধবার আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ম্যাচে নির্ধারিত সময়ে ২ ওভার পিছিয়ে ছিল স্বাগতিকরা।

তাই নিয়ম অনুযায়ী আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে কেটে নেওয়া হয়েছে ইংল্যান্ডের ২ পয়েন্ট। পাশাপাশি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুনতে হয়েছে ইংলিশ ক্রিকেটারদের।

পয়েন্ট কাটা যাওয়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে নেমে গেছে বেন স্টোকসের দল।

ইংল্যান্ডকে আইসিসির শাস্তি দেওয়ার পর সামাজিক মাধ্যমে এ নিয়ে প্রশ্ন তোলেন সাবেক ব্যাটসম্যান ভন।

“সত্যি বলতে, লর্ডসে দুই দলেরই ওভার রেট খুবই বাজে ছিল.. শুধু একটি দলকে কিভাবে শাস্তি দেওয়া হয়েছে, আমার জানা নেই।”

অফ স্পিনার শোয়েব বাশিরের চোট পাওয়াটা প্রভাব ফেলেছে ইংল্যান্ডের ওভার রেটে। ভারতের প্রথম ইনিংসের ৭৮তম ওভারে রাভিন্দ্রা জাদেজার ফিরতি ক্যাচ নেওয়ার চেষ্টার সময় বাঁ হাতের কনিষ্ঠায় চোট পেয়ে তিনি মাঠ ছেড়ে যান এবং ইনিংসের বাকি সময়ে আর ফেরেননি। ভারত প্রথম ইনিংসে খেলে মোট ১১৯.২ ওভার।

পঞ্চম দিনের বেশিরভাগ সময় বাইরে থাকার পর মাঠে ফিরে ভারতের শেষ জুটি ভেঙে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন বাশির। তবে দ্বিতীয় ইনিংসে দলের ৭৪.৫ ওভারের মধ্যে তিনি বোলিং করেন কেবল ৫.৫ ওভার। প্রথম ইনিংসে তিনি বোলিং করেছিলেন ১৪.৫ ওভার। 

ইংল্যান্ডের চেয়ে বেশি স্পিন বোলিং ব্যবহার করাতেই হয়তো ওভার রেটের ঝামেলায় পড়তে হয়নি ভারতকে। স্পিনে ইংল্যান্ডের ৩১.৫ ওভারের বিপরীতে ভারত করেছে ৪২.১ ওভার। ইংল্যান্ডের পেসাররা বোলিং করেছে ১৬২.২ ওভার, ভারতের ১৩২.৩ ওভার।