৭৯*, ৯৫* রানের পর ১১৪* ব্রুকের
টি-টোয়েন্টিতে টানা তিনটি বিধ্বংসী অপরাজিত ইনিংস খেললেন ইংল্যান্ড অধিনায়ক।
একই মাঠ। দুই মাসের ব্যবধানে দুই ম্যাচ। আগের ম্যাচটিতে শেষ পর্যন্ত অপরাজিত থাকতে হয়েছিল সেঞ্চুরির দুয়ারে গিয়ে। এবার আর তা নয়, দারুণ সব শটের পসরা মেলে ধরে আগেভাগেই তিন অঙ্ক ছুঁয়ে ফেললেন হ্যারি ব্রুক।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মঙ্গলবার সাউথ্যাম্পটনে ৪৯ বলে অপরাজিত ১১৪ রানের ইনিংস খেলেন ব্রুক। ইংল্যান্ড অধিনায়কের ইনিংসটি গড়া ১০ চার ও ছয় ছক্কায়।
এখানেই গত জুলাইয়ে ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে দ্বিতীয় ওভারে উইকেটে গিয়ে ৪৫ বলে ৯৫ রানে অপরাজিত ছিলেন ব্রুক। এর আগের ম্যাচটিতে তিনি করেন ৩৫ বলে অপরাজিত ৭৯।
লঙ্কানদের বিপক্ষে তাকে উইকেটে যেতে হয় তৃতীয় ওভারের শুরুতে, অভিষিক্ত অ্যানাইরিন ডোনাল্ডের বিদায়ের পর।
প্রথম পাঁচ বলে ব্রুকের রান ছিল ৫। পরের ৬ বলে তিনি করেন ৩০ রান! পঞ্চম ওভারে বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েলালাগেকে তিনটি করে চার ও ছক্কা মারেন তিনি।
ব্রুকের পাশাপাশি অন্য প্রান্তে ঝড় তোলেন জস বাটলারও। ৪৪ বলে ৮০ রান করে বিদায় নেন তিনি। ভারতের বিপক্ষে শেষ ম্যাচটিতে অভিজ্ঞ এই ব্যাটসম্যান করেছিলেন ৬৪ বলে ১৩১।
ব্রুক পঞ্চাশ স্পর্শ করেন ২০ বলে। অষ্টাদশ ওভারে ৯৯ থেকে দুই রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন ৪২ বলে।
ইংল্যান্ডের হয়ে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি এটি। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ৪২ বলে তিন অঙ্ক ছুঁয়েছিলেন লিয়াম লিভিংস্টোনও। আর গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৯ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েন ফিল সল্ট।
ইংল্যান্ডের হয়ে ব্রুকের দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি এটি। গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে করেছিলেন প্রথমটি।
অধিনায়কের বিস্ফোরক ব্যাটিংয়ে ২০ ওভারে ইংল্যান্ড তোলে ৪ উইকেটে ২৫৪ রান।
