১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মিচেলকে বল মেরে শাস্তি পেলেন আর্শদিপ

আচরণবিধি ভাঙায় জরিমানা গুনতে হচ্ছে ভারতের এই পেসারকে।

মিচেলকে বল মেরে শাস্তি পেলেন আর্শদিপ
ভারতীয় পেসার আর্শদিপ সিং। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2026, 05:28 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

ওভারের শুরুতে টানা দুটি ছক্কা হজম করে মেজাজ হারিয়ে ফেলেন আর্শদিপ সিং। পঞ্চম ডেলিভারি করার পর, ফলো থ্রুতে বল ধরে ব্যাটসম্যানের দিকে ছোঁড়েন তিনি। বল আঘাত করে ড্যারিল মিচেলের শরীরে। এজন্য ভারতীয় পেসারকে শাস্তি দিয়েছে আইসিসি।

আচরণবিধি ভাঙার দায়ে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে আর্শদিপকে। সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।

আহমেদাবাদে গত রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-নিউ জিল্যান্ড ফাইনালে ঘটে এই কাণ্ড। ভারতের ২৫৫ রান তাড়ায় তখন ক্রিজে ছিলেন মিচেল। একাদশ ওভার করতে আসা আর্শদিপকে দ্বিতীয় ও তৃতীয় বলে ছক্কা মারেন তিনি।

এক বল পর লো ফুলটস বোলার সোজা খেলেন মিচেল। বল ধরেই ব্যাটসম্যানের দিকে মারেন আর্শদিপ। বল গায়ে লাগায় ক্ষেপে যান মিচেলও। কিছু বলতে বলতে আর্শদিপের দিকে তেড়ে যান তিনি। যদিও এই আচরণের জন্য তাকে কোনো শাস্তি পেয়ে হয়নি।

আম্পায়ার এসে থামান মিচেলকে। পরে আর্শদিপের সঙ্গেও কথা বলেন আম্পায়ার। বল মারার পরপরই ব্যাটসম্যানের কাছে ক্ষমা চাওয়া আর্শদিপ ওভার শেষে মিচেলের সঙ্গে হাত মেলান।

রেকর্ড পুঁজি গড়ে নিউ জিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের টানা দ্বিতীয় ও মোট তৃতীয় শিরোপা জেতে ভারত। নিউ জিল্যান্ডকে ১৫৯ রানে গুটিয়ে দেওয়ার পথে চার ওভারে ৩২ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন আর্শদিপ।