১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজস্থান রয়্যালসের মালিকানায় নতুন মোড়

নিলামে জিতলেও মালিকানা কেনেনি কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম, নতুন মালিক এখন লাকশমি মিত্তালের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম।

রাজস্থান রয়্যালসের মালিকানায় নতুন মোড়
রাজস্থান রয়্যালস দল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2026, 10:09 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

নাটকীয় এক মোড় দেখা গেছে রাজস্থান রয়্যালসের মালিকানা নিয়ে। নিলামে জিতলেও আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়নদের মালিকানা নেয়নি কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম, ফ্র্যাঞ্চাইজিটির নতুন মালিক এখন লাকশমি মিত্তালের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম।

ভারতের আরেক বড় ব্যবসায়ী আদার পুনাওয়াল্লাকে নিয়ে ১৬৫ কোটি মার্কিন ডলারে (প্রায় ১৫ হাজার ৬৬০ কোটি রুপি) রাজস্থানের মালিকানা কিনেছেন মিত্তাল। 

তাদের সঙ্গে কনসোর্টিয়ামে আছেন পুরনো মালিক মানোজ বাদালেও। চুক্তির মধ্যে আছে এসএ টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি পার্ল রয়্যালস ও সিপিএল ফ্র্যাঞ্চাইজি বার্বাডোজ রয়্যালসের মালিকানাও।  

মালিকানার সঙ্গে সংশ্লিষ্ট সবার দেওয়া একটি বিবৃতিতে রোববার বলা হয়, বাদালের নেতৃত্বাধীন কসোর্টিয়ামের থেকে রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজির ‘মালিকানা নিতে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে’ মিত্তাল পরিবার। সেই অনুযায়ী, মিত্তাল পরিবারের কাছে থাকবে ফ্র্যাঞ্চাইজির ৭৫ শতাংশ মালিকানা, আদার পুনাওয়ালার থাকবে ১৮ শতাংশ মালিকানা, বাকি ৭ শতাংশ মালিকানা থাকবে বাদালেসহ অনুমোদিত আগের বিনিয়োগকারীদের।    

গত মার্চে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রযুক্তি উদ্যোক্তা কাল সোমানির নেতৃত্বে একটি কনসোর্টিয়াম নিলামে ১৬৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলারে রাজস্থানের মালিকানা কিনছে বলে খবর এসেছিল। নিলাম প্রক্রিয়ায় গত ২০ মার্চ মালিকানার লড়াইয়ে এই কনসোর্টিয়াম ম্যানচেস্টার ইউনাইটেডের সহ-স্বত্বাধিকারী ও ল্যান্সার ক্যাপিটালের প্রধান অ্যাভ্রান গ্লেজার, ক্যাপ্রি গ্রুপ, আদিত্য বিরলা গ্রুপ এবং টাইমস অফ ইন্ডিয়া গ্রুপকে পেছনে ফেলে এগিয়ে যায়। তবুও শেষ পর্যন্ত কেন সোমানিদের কনসোর্টিয়াম মালিকানায় রাজস্থান রয়্যালস এলো না, তা এখনও নিশ্চিত নয়। রাজস্থানের বর্তমান বিনিয়োগকারীদের একজন সোমানি, ২০২১ সালে তিনি বোর্ডে আসেন। 

২০০৮ সালে রাজস্থানের মালিকানা বিক্রি হয়েছিল কেবল ছয় কোটি সাত লাখ ডলারে। ১৮ বছর পর সেটি বিক্রি হলো ৫৮ গুণ দামে। 

বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে মালিকানা পরিবর্তনের আনুষ্ঠানিকতা শেষ হলে লাকশমি মিত্তাল, তার ছেলে আদিত্য মিত্তাল, মেয়ে ভানিশা মিত্তাল-ভাটিয়া, পুনাওয়াল্লা ও বাদালে থাকবেন রাজস্থানের বোর্ডে। এর জন্য বিসিসিআই ও ভারতের কম্পিটিশন কমিশনের অনুমোদন প্রয়োজন হবে।