জিম্বাবুয়ে সফর শেষ ফিলিপসের
মেজর লিগ ক্রিকেটের ফাইনালে খেলার সময় চোট পান নিউ জিল্যান্ড অলরাউন্ডার।
চোট থাবা দিয়েছে নিউ জিল্যান্ড শিবিরে। জিম্বাবুয়ে সফরে গ্লেন ফিলিপসকে পাচ্ছে না কিউইরা। মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) ফাইনালে খেলার সময় কুঁচকিতে চোট পেয়েছেন এই অলরাউন্ডার।
জিম্বাবুয়েতে এখন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলছে নিউ জিল্যান্ড। সিরিজের অন্য দল দক্ষিণ আফ্রিকা। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট খেলবে কিউইরা।
গত রোববার এমএলসির ফাইনালে এমআই নিউ ইয়র্কের বিপক্ষে ৫ রানে হেরে যায় ফিলিপসদের ওয়াশিংটন ফ্রিডম। ওই ম্যাচ শেষে জাতীয় দলের সঙ্গে যোগ দেন ফিলিপস।
কিন্তু জিম্বাবুয়েতে যাওয়ার পর জানা যায়, কুঁচকির চোট থেকে সেরে উঠতে কয়েক সপ্তাহ লাগতে পারে এই ক্রিকেটারের। অলরাউন্ডার জিমি নিশাম ও মিচেল হের সঙ্গে দেশে ফিরে যাবেন ফিলিপস।
এমএলসির ফাইনালে অংশ নেওয়া ক্রিকেটারদের কাভার হিসেবে নিশাম ও হের সঙ্গে টিম রবিনসনকেও ডাকে নিউ জিল্যান্ড। ফিলিপস ছিটকে পড়ায় ত্রিদেশীয় সিরিজের বাকি অংশে দলের সঙ্গে থাকবেন ওপেনার রবিনসন।
টেস্ট দলে ফিলিপসের বদলির নাম যথা সময়ে জানাবে কিউইরা।
হারারেতে গত বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানের জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করে নিউ জিল্যান্ড। আগামী ২৬ জুলাই এই সিরিজের ফাইনাল।
জিম্বাবুয়ের বিপক্ষে নিউ জিল্যান্ডের প্রথম টেস্ট শুরু আগামী ৩০ জুলাই। পরেরটি শুরু ০৭ অগাস্ট। দুটি ম্যাচই হবে বুলাওয়ায়োতে।
