Published : 04 Jan 2026, 02:07 PM
উইকেটে তাজা ঘাস। দুই দলই পেস আক্রমণে সমৃদ্ধ। ম্যাচের প্রথম ঘণ্টাতেই নেই তিন উইকেট। বোলারদের উৎসব আর আরেকটি দুই দিনের টেস্ট ম্যাচের শঙ্কা তখন উঁকি না দিয়ে পারেই না। তবে পরের সময়টায় চিত্র বদলে দিলেন জো রুট ও হ্যারি ব্রুক। স্ট্রোকের ফোয়ারা ছুটিয়ে বিপর্যয় কাটিয়ে দলকে টেনে নিলেন দুজন।
অ্যাশেজের শেষ টেস্টের প্রথম দিনে বৃষ্টি ও আলোকস্বল্পতা মিলিয়ে খেলা হয়েছে মাত্র ৪৫ ওভার। ইংল্যান্ড রান তুলেছে ৩ উইকেটে ২১১।
১০৩ বলে ৭২ রানে অপরাজিত আছেন রুট, ৯২ বলে ৭৮ রানে ব্রুক।
দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ১৫৪ রান। ব্যাটসম্যানদের দুঃস্বপ্নের সিরিজে দুই দল মিলিয়েই দ্বিতীয় সর্বোচ্চ জুটি এটি।
মেলবোর্নে দুই দিনে শেষ হওয়া টেস্টের উইকেট নিয়ে অনেক সমালোচনার পর সিডনি ক্রিকেট গ্রাউন্ডের উইকেট নিয়ে কৌতূহল ছিল বেশ। কিউরেটর অ্যাডাম লুইস বেশ ঘাস রেখে দিয়েছেন ২২ গজে। তবে মেলবোর্নের মতো এটা ব্যাটসম্যানদের জন্য বিভীষিকা নয়।
দুই দলই একাদশ সাজায় কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়া। অস্ট্রেলিয়ার সবচেয়ে স্পিন উপযোগী টেস্ট ভেন্যু বলে পরিচিত এই মাঠে ১৩৮ বছর পর কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়া খেলতে নামে অস্ট্রেলিয়া। আগের টেস্টের চার পেসার থেকে জাই রিচার্ডসনকে বাইরে রেখে পেস বোলিং অলরাউন্ডার বাউ ওয়েবস্টারকে ফেরায় তারা।
টসজয়ী ইংল্যান্ডের শুরুটা ছিল আশাপ্রদ। তবে সেটা দীর্ঘায়িত হয়নি। পাঁচ বাউন্ডারির পর বেন ডাকেট বিদায় নেন ২৪ বলে ২৭ রান করে। আরও একবার অস্ট্রেলিয়াকে প্রথম ব্রেক থ্রু এনে দেন মিচেল স্টার্ক।
একটু পর জ্যাক ক্রলিকে (১৬) ফেরান মাইকেল নিসার। পরের ওভারে স্কট বোল্যান্ড যখন বিদায় করলেন জেকব বেথেলকে (১০), ইংল্যান্ডের রান তখন ৩ উইকেটে ৫৭।
সেখান থেকে রুট ও ব্রুকের জুটি। পাল্টা আক্রমণে দ্রুত রান তুলে এগিয়ে যান দুজন। ৬৫ বলে পঞ্চাশে পা রাখেন রুট, ৬৩ বলে ব্রুক।
তিন বিশেষজ্ঞ পেসারের সঙ্গে দুই পেস বোলিং অলরাউন্ডার নিয়ে গড়া অস্ট্রেলিয়ার পেস আক্রমণ খুব একটা বিপাকে ফেলতে পারেনি ইংল্যান্ডের দুই ব্যাটসম্যানকে।
দ্বিতীয় দিনটি রুট শুরু করবেন সিরিজে তার দ্বিতীয় সেঞ্চুরির আশায়, হতাশার সিরিজে প্রথম সেঞ্চুরির আশায় নামবেন ব্রুক।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ৪৫ ওভারে ২১১/৩ (ক্রলি ১৬, ডাকেট ২৭, বেথেল ১০, রুট ৭২*, ব্রুক ৭৮*; স্টার্ক ১২-১-৫৩-১, নিসার ১০-০-৩৬-১, বোল্যান্ড ১৩-০-৪৮-১, গ্রিন ৮-০-৫৭-০, ওয়েবস্টার ২-০-১১-০ )।