Published : 22 Aug 2026, 07:16 PM
ভারতের কিশোর বিস্ময় বৈভাব সুরিয়াভানশি ইতোমধ্যেই সাদা বলের ক্রিকেটে নিজের ছাপ রেখেছেন। ১৫ বছর বয়সী এই ক্রিকেটারের বিকাশের জন্য সাদা ও লাল বলের ক্রিকেটের মধ্যে ভারসাম্য রক্ষা করা প্রয়োজন বলে মনে করেন রাহুল দ্রাবিড়। ভারতের সাবেক ব্যাটসম্যান ও সাবেক প্রধান কোচের মতে, টেস্ট ক্রিকেটের উন্নতির জন্য সুরিয়াভানশির মতো ক্রিকেটারদের সব সংস্করণেই খেলা উচিত।
গত বছর আইপিএল অভিষেকের পর থেকে বিশ্বের সবচেয়ে আলোচিত ক্রিকেটারদের একজন হয়ে উঠেছেন সুরিয়াভানশি। মাত্র ১৪ বছর বয়সে আইপিএল ক্যারিয়ারের প্রথম বলেই ছক্কা মেরে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দেন তিনি। এরপর থেকে মাঠে একের পর এক অবিশ্বাস্য কীর্তি দেখিয়ে চলেছেন এই ব্যাটিং বিস্ময়।
স্বীকৃত টি-টোয়েন্টির ইতিহাসে সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান সুরিয়াভানশি। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সর্বকনিষ্ঠ ক্রিকেটারও তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে ফিফটি, আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরিসহ আরও অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন এই ক্রিকেটার।
ভারতের ঘরোয়া লাল বলের প্রতিযোগিতা, দুলিপ ট্রফিতে ইস্ট জোনের হয়ে খেলতে যাচ্ছেন সুরিয়াভানশি। লন্ডনে একটি অনুষ্ঠানে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোকে দ্রাবিড় বলেন, সুরিয়াভানশির ক্যারিয়ারকে শুধু টি-টোয়েন্টির মধ্যে সীমাবদ্ধ না রেখে লাল বলের ক্রিকেটেও এগিয়ে নেওয়া উচিত।
“আমার মনে হয়, আমাদের সবসময় সেই ভারসাম্য খুঁজে বের করতে হবে। বৈভাব ভারতে আইপিএলের মাধ্যমে সাদা বলের ক্রিকেট খেলার অভিজ্ঞতা অর্জন করছে, এটা দারুণ ব্যাপার। একই সঙ্গে সে ভারতের ঘরোয়া ক্রিকেটে ফিরে লাল বলের ক্রিকেটে খেলার এবং নিজের লাল বলের ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যও সময় পাচ্ছে।
“আমরা সবাই টেস্ট ক্রিকেটের টিকে থাকা দেখতে চাই, সবাই টেস্ট ক্রিকেটের উন্নতি দেখতে চাই। সব সংস্করণে খেলার জন্য আমাদের তার মতো খেলোয়াড় প্রয়োজন।”
এখন পর্যন্ত কেবল আটটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন সুরিয়াভানশি, যেখানে তার ব্যাটিং গড় ১৭.২৫। দুলিপ ট্রফিতে তিনি অন্তত টানা দুটি ম্যাচ খেলার সুযোগ পাবেন, ইস্ট জোন ফাইনালে উঠলে ম্যাচ বাড়বে আরেকটি।
দ্রাবিড় মনে করেন, সুরিয়াভানশিকে ঘিরে প্রত্যাশা কিছুটা কমানো উচিত, কারণ তার আরও বিকশিত হওয়ার জন্য এখনও অনেক সময় আছে।
“সম্ভবত সাদা বলের ক্রিকেটের চেয়ে লাল বলের ক্রিকেট ততটা খেলেনি সে। তার বয়স মাত্র ১৫ এবং আমার মনে হয়, তাকে কিছুটা সময় দিতে হবে এবং তাকে নিয়ে ধৈর্য ধরতে হবে।
“সে শুরু থেকেই দারুণ সাফল্য পেয়েছে, তাই না? কিন্তু তার উত্থান-পতন থাকবে এবং আমার মনে হয়, সবাইকে তার প্রতি ধৈর্যশীল হতে হবে।”
২০২৫ আইপিএলে রাজস্থান রয়্যালসে সুরিয়াভানশিকে কোচিং করান দ্রাবিড়। এই ব্যাটিং গ্রেটের মতে, টেস্টে সুরিয়াভানশির সফল রূপান্তর ক্রিকেটের ভবিষ্যতের জন্য হবে দারুণ ব্যাপার।
“যদি সে সাদা বলের ক্রিকেটের মতো ভালো খেলে এবং পারফর্ম করে, তাহলে আশা করি কোনো একদিন সে ভারতের হয়ে লাল বলের খেলোয়াড় হতে পারবে। আর সেটা বিশ্ব ক্রিকেটের জন্যও দারুণ রোমাঞ্চকর হবে।”