০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রাশিদ খানের রেকর্ড ছুঁলেন শামার জোসেফ

এক ওভারে তিন উইকেটসহ ম্যাচে পাঁচ উইকেট নিয়ে এই রেকর্ডে ক্যারিবিয়ান পেসার স্পর্শ করেন আফগান লেগ স্পিনারকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2026, 01:10 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

তিন ওভার শেষে শামার জোসেফের নামের পাশে উইকেট ছিল দুটি। শেষ ওভারে বদলে গেল ছবি। এক ওভারেই তিন উইকেট নিয়ে পূর্ণ করলেন তিনি পাঁচ উইকেট। প্রথমবার এই স্বাদ পাওয়ার পাশাপাশি ক্যারিবিয়িান পেসারের নাম লেখা হয়ে গেল একটি বিশ্বরেকর্ডেও।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ১১ উইকেট শিকার করেন জোসেফ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে বেশি উইকেটের কীর্তি ছুঁয়ে ফেললেন তিনি রাশিদ খানকে।

লঙ্কানদের বিপক্ষে সিরিজটির প্রথম দুই ম্যাচেই তিনটি করে উইকেট নেন জোসেফ। শেষ ম্যাচে বাংলাদেশ সময় সোমবার সকালে তিনি উইকেট নেন ৩৩ রানে ৫টি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তো বটেই, টি-টোয়েন্টি ক্যারিয়ারেই তার প্রথম ৫ উইকেট এটি।

ওয়েস্ট ইন্ডিজের ৫ উইকেটের জয়ে ম্যাচ-সেরা হন জোসেফ। দলের সিরিজ জয়ে ম্যান অব দা সিরিজও তিনিই।

এই অর্জনগুলোর সঙ্গে তার বাড়তি প্রাপ্তি রেকর্ড। 

রাশিদ তিন ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে। দেরাদুনে সিরিজের প্রথম ম্যাচে দুটি উইকেট নিয়েছিলেন এই লেগ স্পিনার। পরের ম্যাচে উইকেট নেন চারটি, শেষ ম্যাচে পাঁচটি। 

তিন ম্যাচ সিরিজে দ্বিতীয় র্সোচ্চ ১০ উইকেট নিয়েছেন যৌথভাবে তিনজন- সুইডেনের হাসান মেহমুদ, আয়ারল্যান্ডের মার্ক অ্যাডায়ার ও বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। 

তিনের বেশি ম্যাচের সিরিজে র্সোচ্চ উইকেটের রেকর্ডও যৌথভাবে তিনজনের। ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ১৫ উইকেট নিয়ে রেকর্ডটি গড়েন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। গত ডিসেম্বরে ুটানের বিপক্ষে পাঁচ ম্যাচে তা স্পর্শ করেন বাহরাইনের আলি দাউদ। 

গত এপ্রিলে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭ ম্যাচের সিরিজে ১৫ উইকেট নেন সুইডেনের শ্রেয়াস সোয়ামি।