Published : 07 Aug 2026, 08:15 PM
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গত কিছুদিনে হাই পারফরম্যান্স (এইচপি) দলের অনুশীলনে একটি দৃশ্য ছিল নিয়মিত। প্রায় যে কোনো সময় একটু নজর রাখলেই চোখে পড়তো, কোনো না কোনো ক্রিকেটারের সঙ্গে কথা বলছেন মাহমুদউল্লাহ। মেন্টরের ভূমিকায় বেশ প্রাণবন্ত ও সক্রিয় দেখা গেছে তাকে। এইচপির প্রধান কোচের দায়িত্বে থাকা সোহেল ইসলামও বললেন সেটিই।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা এই ক্রিকেটার এখনও ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ। সবশেষ বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন। খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার আগেই দায়িত্ব পেয়েছেন এইচপি দলের মেন্টরের। মালেয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে যাওয়ার অপেক্ষায় থাকা দলের সঙ্গে কাজ করছেন ৪০ বছর বয়সী ক্রিকেটার।
নতুন কোনো ভূমিকায় মানিয়ে নেওয়ার পথে অনেক সময় কিছু প্রতিবন্ধকতা আসে, সময়ও লাগতে পারে। তবে মাহমুদউল্লাহ দ্রুতই মানিয়ে নিয়েছেন বলে জানালেন সোহেল। মালয়েশিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন শুক্রবার এইচপির কোচ বললেন, ৪৩০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটারের সংস্পর্শে নানাভাবে উপকৃত হচ্ছেন এইচপির ক্রিকেটাররা।
“(মাহমুদউল্লাহ) রিয়াদ প্রথম সিরিজ আসছেন এবং চমৎকার কাজ করছেন খেলোয়াড়দের সঙ্গে। তার যোগাযোগ খুবই ভালো এবং সে অভিজ্ঞতা ভাগাভাগি করছে। বিভিন্ন সময়ে বিপাকে পড়লে কীভাবে চিন্তা করত, সেই জিনিসগুলো ওদের (ক্রিকেটারদের) সঙ্গে ভাগাভাগি করছে।
সাথে সাথে ব্যাটিংয়ের টেকনিক্যাল বিভিন্ন ব্যাপার নিয়েও কথা বলছে। ছেলেরা তাকে বিশ্বাস করে, কারণ সে আমাদের দেশের ক্রিকেটে একটা উদাহরণ। সে যখন কথা বলে, তখন ছেলেদের মধ্যে বিশ্বাসটা বেশি থাকে। এটা আমাদের ছেলেদের ওপর খুব ভালো ইমপ্যাক্ট ফেলছে।”