দ্বিতীয় টেস্টে মেন্ডিস-চান্দিমালকে পাচ্ছে না শ্রীলঙ্কা
ভারতের বিপক্ষে পরের টেস্টে পাথুম নিসাঙ্কার খেলা নিয়েও রয়েছে শঙ্কা।
গল টেস্টে হেরে সিরিজে পিছিয়ে পড়া শ্রীলঙ্কা শুনেছে বড় দুঃসংবাদ। চোটের জন্য ভারতের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেছেন দুই ব্যাটিং ভরসা কুসাল মেন্ডিস ও দিনেশ চান্দিমাল। দ্বিতীয় টেস্টেও পাথুম নিসাঙ্কার খেলা নিয়ে রয়েছে শঙ্কা।
১৬৫ রানে গল টেস্টে হেরেছে শ্রীলঙ্কা। রোববার কলম্বোয় শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম পছন্দের তিন ব্যাটসম্যানকে ছাড়াই খেলতে হতে পারে তাদের।
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সময় হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে আছেন মেন্ডিস। তার জায়গায় সুযোগ পেয়ে প্রথম ইনিংসে ৮০ রান করেন নিরোশান ডিকওয়েলা। জায়গা ধরে রাখতে পারেন তিনি।
স্বয়ংক্রিয়ভাবে বাদ পড়ে গেছেন চান্দিমাল। কারণ, আইসিসির নিয়ম অনুযায়ী কনকাশনের জন্য কাউকে বদল করা হলে পরবর্তী সাত দিনের মধ্যে তিনি খেলতে পারেন না। প্রথম টেস্টের চতুর্থ দিন সীমানায় ফিল্ডিং করার সময় কাঁধ ও ঘাড়ে চোট পেয়ে হাসপাতাল যান অভিজ্ঞ ব্যাটসম্যান। পরে তার কনকাশন বদলি হিসেবে ম্যাচের বাকি অংশে খেলেন পাসিন্দু সুরিয়াবান্দারা। সুযোগ পেয়ে অভিষেকে ভালো করতে পারেননি তিনি, ফেরেন শূন্য রানে। তবে পরের ম্যাচে একাদশে থাকতে পারেন তিনি।
গত জুনে কব্জিতে অস্ত্রোপচার করানোর পর এখনও সেরে ওঠেননি নিসাঙ্কা। মেন্ডিসের চেয়ে তিনি ফিট হওয়ার বেশি কাছাকাছি আছেন। তবে ব্যাটিং এখনও অস্বস্তিবোধ করছেন এই ওপেনার।
এখনও দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেনি শ্রীলঙ্কা ক্রিকেট। এর আগে তারা কেবল প্রথম ম্যাচের জন্য দল দিয়েছিল।
