০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

টি-টোয়েন্টি দলে নাহিদ রানা, সহ-অধিনায়ক হৃদয়

সাইফ হাসানের জায়গায় সহ-অধিনায়ক করা হয়েছে তাওহিদ হৃদয়কে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দলে পরিবর্তন তিনটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2026, 05:25 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে ফিরেছেন তিন পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা। সহ-অধিনায়কের দায়িত্ব থেকে সাইফ হাসান অব্যাহতি চাওয়ায় সেই ভার পড়েছে তাওহিদ হৃদয়ের কাঁধে।

আগামী বুধবার শুরু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। 

সবশেষ নিউ জিল্যান্ড সিরিজে বিশ্রাম পেয়েছিলেন স্তাফিজ, নাহিদ রানা ও তাসকিন। নতুন পেসারদের সুযোগ দিতে তাদেরকে দলের বাইরে রাখা হয়েছিল তখন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তাদেরকে ফেরানোর কারণ ব্যাখ্যা করলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। 

“এই সিরিজটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেহেতু ওয়ার্কলোড ম্যানেজমেন্ট একটা ব্যাপার, এটা অনুসরণ করে আসছি। এখানে নতুন ব্যাপার নেই। এর জন্য আমরা আমাদের সম্ভাব্য সেরা দলটা নেওয়ার চেষ্টা করেছি।”

নাহিদ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন একটিই। গত বছরের মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ওই ম্যাচে ৪ ওভারে ৫০ রান দিয়ে ২টি উইকেট নিয়েছিলেন তিনি। কিছুদিন আগে পাকিস্তান সুপার লিগে অবশ্য দুর্দান্ত বোলিং করেছেন এই ফাস্ট। এই সংস্করণে সব মিলিয়ে ৩৫ ম্যাচ খেলে ওভারপ্রতি ৭.৮০ রান দিয়ে তার উইকেট ৩৬টি।

এই মাসের শেষে জিম্বাবুয়ের সফরের টেস্ট ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে নাহিদকে। তার ওয়ার্কলোড ব্যবস্থাপনায় তাই সমস্যা হবে না বলেই মনে করেন প্রধান নির্বাচক। 

তিন পেসারকে জায়গা দিতে দল থেকে বাদ পড়েছেন রিপন মন্ডল ও মোহাম্মদ সাইফ উদ্দিন। এছাড়া চোটের কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে আছেন তানজিম হাসান সাকিব। 

দল থেকে বাদ পড়া এই ক্রিকেটারদের ফের সুযোগ দেওয়া হবে বলে জানান প্রধান নির্বাচক।

“আমরা গত সিরিজে দেখেছিলাম (নতুন ক্রিকেটারদের)। সেখানে আমরা এটা করেছিলাম কিছু খেলোয়াড়কে নতুনভাবে দেখার জন্য। আমরা ওদেরকে আবার দেখব।”

গত সিরিজে জাতীয় দলে প্রথমবার ডাক পেয়ে দুই ম্যাচ খেলে বাদ পড়েছেন রিপন মন্ডল। সেই সিরিজের দলে থেকেও ম্যাচ খেলার সুযোগ না পাওয়া আব্দুল গাফফার সাকলাইন টিকে গেছেন দলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার অভিষেকে আভাস দিয়ে রাখলেন প্রধান নির্বাচক। 

“আমরা একজন বোলিং অলরাউন্ডার খুঁজছি। সাইফ উদ্দিন যেহেতু খেলছে, আমরা নতুন আরেকজন খেলোয়াড়কে দেখতে চাচ্ছি। গত সিরিজেও ছিলেন, তাকে (আব্দুল গাফফার সাকলাইন) আবার একটু সুযোগ দিয়ে দেখতে চাই।”

সহ-অধিনায়কত্বের পরিবর্তনটির প্রেক্ষাপটও জানালেন প্রধান নির্বাচক। ব্যাটিংয়ে সবটুকু মনোযোগ দেওয়ার জন্য সাইফ নিজে থেকেই দায়িত্ব ছাড়ার ইচ্ছের কথা জানিয়েছিলেন। 

বাংলাদেশ টি-টোয়েন্টি দল: 

লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন।

বাদ: রিপন মন্ডল ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

চোট: তানজিম হাসান

ফেরা: মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তাসকিন আহমেদ।