১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফেরার টেস্টে উইলিয়ামসনের ফিফটি, তৃতীয় বলেই উইকেট রোচের

দীর্ঘদিন পর টেস্ট খেলতে নেমে অভিজ্ঞ দুই ক্রিকেটার রাঙিয়েছেন শুরুর দিনটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2025, 02:02 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

মেঘলা আকাশ, সবুজ উইকেট, শীতল হাওয়া। পেস বোলিংয়ের আদর্শ পরিবেশ। ১০ মাস পর টেস্টে ফেরার ম্যাচে বল হাতে ছুটলেন কিমার রোচ। ম্যাচের তৃতীয় বলেই পেলেন উইকেটের দেখা! এবার ক্রিজে গেলেন কেন উইলিয়ামসন, যিনি টেস্ট খেলতে নামলেন প্রায় এক বছর পর। ফেরার ম্যাচে উপহার দিলেন তিনি লড়িয়ে ফিফটি।

দুই দলের দুই অভিজ্ঞ ক্রিকেটারের ফেরার ম্যাচে ব্যাট-বলের লড়াই হলো তুমুল। দিনশেষে পেসারদের সৌজন্যে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। ক্রাইস্টচার্চ টেস্টে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে নিউ জিল্যান্ডের রান ৯ উকেটে ২৩১।

ইনিংসের একমাত্র ফিফটি আসে উইলিয়ামসনের ব্যাট থেকে। ১০২ বলে ৫২ রান করে আউট হন ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান।

হ্যাগলি ওভালে টস জিতে বোলিং নিতে খুব একটা ভাবতে হয়নি ক্যারিবিয়ান অধিনায়ক রোস্টন চেইসকে। শুরুতেই দলকে সাফল্য এনে দেন রোচ। ৩৭ বছর বয়সী পেসারের তৃতীয় বলেই স্লিপে ক্যাচ দেন ডেভন কনওয়ে।

চতুর্থ ওভারে বৃষ্টিতে বন্ধ হয় খেলা। খেলা শুরুর পর উইলিয়ামসন ছিলেন সাবলিল। তবে আরেকপ্রান্তে লড়তে থাকেন টম ল্যাথাম। প্রথম বাউন্ডারির আগে তার রান ছিল ৪৭ বলে ২! পরে তিনি অস্বস্তি কাটিয়ে ওঠেন কিছুটা। 

দুজনে গড়ে তোলেন ৯৩ রানের জুটি। এর মধ্যে অবশ্য উইলিয়ামসনকে ৩৩ রানে বোল্ড করেছিলেন অভিষিক্ত পেসার ওজে শিল্ডস। তবে উইকেট পাননি ‘নো বল করায়। টেস্ট ক্রিকেটে প্রথম ডেলিভারিতে ‘নো’ করার পাশাপাশি বাউন্ডারি হজম করেন তিনি। দ্বিতীয় ওভারে আবার ওই ‘নো’ বলের ধাক্কা।

পঞ্চম পেসার হিসেবে আক্রমণে এসে এই জুটি ভাঙেন জাস্টিন গ্রেভস। এই অলরাউন্ডারের দুর্দান্ত এক ডেলিভারিতে শেষ হয় উইলিয়ামসনের লড়াই।

পরের ওভারে গ্রেভস ফিরিয়ে দেন ল্যাথামকেও (৮৫ বলে ২৪)।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় কিউইরা। রাচিন রাভিন্দ্রাকে বোল্ড করে দেন জেডেন সিলস, উইল ইয়াংকে ফেরান জোহান লেইন। টম ব্লান্ডেল চেষ্টা করছিলেন ইনিংস থিতু করার। তাকে ২৯ রানে ফিরিয়ে প্রথম টেস্ট উইকেটের স্বাদ পান শিল্ডস।

৫৪ রানের মধ্যে নিউ জিল্যান্ড হারায় ৫ উইকেট।

সেখান থেকে ৫২ রানের জুটি গড়েন দুই অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল ও ন্যাথান স্মিথ। এই জুটি থামে স্পিনে। ২৩ রান করা স্মিথকে ফেরান চেইস।

দিনের শেষ দুই ওভার ছিল নাটকীয়। শেষের আগের ওভারে শিল্ডসকে বাউন্ডারির পর শর্ট বলে আউট হয়ে যান ব্রেসওয়েল (৭৩ বলে ৪৭)। নতুন ব্যাটসম্যান ম্যাট হেনরি প্রথম বলে মারেন চার।

শেষ ওভারে রোচের ‘নো’ বলে চার মারেন হেনরি। কিন্তু এক বল পর বিদায় নেন তিনিও। নতুন ব্যাটসম্যান জ্যাকব ডাফি ক্রিজে গিয়েও প্রথম বলে মারেন চান। পরের বলটি ছোবল দেয় তার হেলমেটে। কনকাশন পরীক্ষার পর আর খেলা শুরু হতে পারেনি আলোকস্বল্পতায়। 

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৭০ ওভারে ২৩১/৯ (ল্যাথাম ২৪, কনওয়ে ০, উইলিয়ামসন ৫২, রাভিন্দ্রা ৩, ইয়াং ১৪, ব্লান্ডেল ২৯, ব্রেসওয়েল ৪৭, স্মিথ ২৩, ফোকস ৪*, হেনরি ৮, ডাফি ৪*; রোচ ১৭-৬-৪৭-২, সিলস ১৫-৩-৪৪-১, লেইন ১১-১-৪৭-১, শিল্ডস ৯-২-৩৪-২, গ্রেভস ১০-৩-৩৫-২, চেইস ৮-২-১৩-১)।