১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ফাইনালের দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছে ভারত’

তবে দেশটির সাবেক কোচ রাহুল দ্রাবিড় এখনই আশা ছাড়ছেন না।

‘ফাইনালের দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছে ভারত’
ভারতের সাবেক কোচ রাহুল দ্রাবিড়। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2026, 04:36 PM

Updated : 11 Sep 2026, 03:54 PM

টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম দুইবারের রানার্সআপ এবং গত চক্রে তৃতীয় হওয়া ভারত এবার বেশ পিছিয়ে পড়েছে। তাদের ফাইনালে ওঠার সম্ভাবনা অবশ্য এখনও আছে, যদিও সেই লক্ষ্যে বাকি পথটা ভীষণ কঠিন। তবে দেশটির সাবেক কোচ রাহুল দ্রাবিড় এখনই আশা ছাড়ছেন না।  

২০২৫-২৭ চ্যাম্পিয়নশিপের টেবিলে ১০ ম্যাচ খেলে পাঁচ জয় ও এক ড্রয়ে ৫৩.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে ভারত। ৮০ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা।

গতবার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকা। এবারও এই দুটি দল ছুটছে ফাইনাল খেলার পথে। ৭২.২২ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা নিউ জিল্যান্ডেরও ভালো সম্ভাবনা আছে।

শীর্ষ দুইয়ে জায়গা করে নিতে বাকি ম্যাচগুলোয় দুর্দান্ত ফল করা ছাড়া উপায় নেই ভারতের। উত্তরসূরিদের প্রতি বিশ্বাস রেখে জিওস্টারকে দ্রাবিড় বললেন, কাজটা দুরূহ তবে শক্তিশালী ভারত দলের পক্ষে সম্ভব।

“আমি আশা করছি, তারা এটা করতে পারবে। বর্তমান অবস্থান থেকে তারা যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারে, তাহলে সেটা হবে অসাধারণ এক যাত্রা।

“তারা কিছুটা পিছিয়ে পড়েছে, তবে ভারত দলের যে মান তাতে কোনো পর্যায়েই আপনি তাদেরকে হিসেবের বাইরে ফেলে দিতে পারবেন না। তারা শ্রীলঙ্কার বিপক্ষে ভালো শুরু করেছে, লক্ষ্যের পথে এটা ভালো প্রথম পদক্ষেপ।”

শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টে গলে ১৬৫ রানে জিতেছে ভারত। চলতি দ্বিতীয় টেস্টেও দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সে শক্ত অবস্থানে আছে তারা। প্রথম ইনিংসে ৯ উইকেটে ৫০৩ রান করে ইনিংস ঘোষণা করেছে দলটি।

এরপর ভারতের সামনে অবশ্য খুব কঠিন একটা পরীক্ষা অপেক্ষা করছে। দুটি টেস্ট খেলতে অক্টোবরে নিউ জিল্যান্ড সফরে যাবে তারা। 

দ্রাবিড়ের মতে, এই সিরিজ ভারতের জন্য অনেক বড় পরীক্ষা হতে যাচ্ছে, বিশেষ করে দলের নতুন খেলোয়াড়দের জন্য যাদের এই কন্ডিশনে খেলার বেশি অভিজ্ঞতা নেই।

“নিউ জিল্যান্ডের মাটিতে (খেলা) সবসময়ই চ্যালেঞ্জিং। তাদের মাটিতে তারা শক্ত প্রতিপক্ষ। ভারত দলের অনেক তরুণ খেলোয়াড় (আগে) এইসব কন্ডিশনে খেলেনি, তাই এটা কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে।”

ভারতের সামর্থ্য নিয়ে নিজের মনে কোনো দ্বিধা নেই দ্রাবিড়ের। তবে অনেক সিনিয়র ও তারকা খেলোয়াড়রা অবসর নেওয়ায়, তাদের অভাব অনুভূত হতে পারে বলে মনে করেন তিনি।

“আমরা ভিরাট (কোহলি) ও রোহিত (শার্মা), আজিঙ্কা রাহানে ও (চেতেশ্বর) পুজারার অভাব বোধ করছি। এই খেলোয়াড়রা সম্ভবত সেখানে (নিউ জিল্যান্ডে) ছিল, সবশেষ ভারত যখন সফরে গিয়েছিল। তাই এবারের সিরিজটি দারুণ হবে।”

এরপর ভারত ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলবে। আগামী জানুয়ারিতে শুরু হবে এই বর্ডার-গাভাস্কার সিরিজ। সাম্প্রতিক সময়ে ভারতের মাটিতে অস্ট্রেলিয়া কোনো টেস্ট না জেতায়, সেই খরা কাটাতে এবার তারা মরিয়া থাকবে বলে মনে করেন দ্রাবিড়, যা ভারতের জন্য কাজটা আরও কঠিন করে তুলবে।

“অস্ট্রেলিয়া দল খুব রোমাঞ্চিত থাকবে। তাদের অনেক খেলোয়াড় ভারতে ভালো করতে মরিয়া থাকবে। অস্ট্রেলিয়ার দারুণ সব খেলোয়াড়ের একটা প্রজন্ম, দারুণ এই অস্ট্রেলিয়া দল ভারতে (এখনও) জিততে পারেনি। তাই এবার তারা সেটা করতে মুখিয়ে থাকবে।” 

ভারতের মাটিতে ২০০৪ সালে সবশেষ টেস্ট সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। এশিয়ার দেশটিতে পরের পাঁচ সফরে ১৮ টেস্ট খেলে কেবল দুটি টেস্ট জিততে পেরেছিল তারা।