Published : 01 Sep 2025, 10:49 AM
এক ম্যাচ খেলতে যাওয়া-আসা মিলিয়ে ভ্রমণ ২০ হাজার মাইলের বেশি। ফাইনালের আগে অ্যাডাম জ্যাম্পাকে নিয়ে ছিল তোলপাড়। ভালো বোলিং করেই অস্ট্রেলিয়ান এই লেগ স্পিনার প্রমাণ করলেন যৌক্তিকতা। ফাইনালের নায়ক অবশ্য আরেক লেগ স্পিনার। যার জন্ম অস্ট্রেলিয়ায়, কিন্তু এখন তিনি ইংল্যান্ডের। দারুণ বোলিংয়ে পার্থক্য গড়ে দিলেন ন্যাথান সাউটার। আবারও শিরোপা জিতল ওভার ইনভিন্সিবলস।
দা হান্ড্রেড টুর্নামেন্টের ফাইনালে ট্রেন্ট রকেটসকে ২৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন ওভাল ইনভিন্সিবলস।
ইংল্যান্ডের এই ১০০ বলের সাড়া জাগানো ক্রিকেট টুর্নামেন্টে ইনভিন্সিবলসের হ্যাটট্রিক শিরোপা এটি।
আসরজুড়ে দারুণ বোলিং করা রাশিদ খান জাতীয় দলে যোগ দেওয়ার তার বদলি হিসেবে স্রেফ ফাইনালের জন্য জ্যাম্পাকে উড়িয়ে আনে ইনভিন্সিবলস। লর্ডসের ফাইনালে রোববার ২০ বল করে মাত্র ২১ রান দিয়ে প্রতিপক্ষ অধিনায়ক ডেভিড উইলির উইকেট নেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ লেগ স্পিনার।
তবে রটেকসের টপ অর্ডারে ছোবল দিয়ে ফাইনালের ম্যাচ অব দা ম্যাচ সাউটার। প্রথম তিনটি উইকেটই শিকার করেন ৩২ বছর বয়সী লেগ স্পিনার।
টস জিতে ব্যাটিংয়ে নামা ইনভিন্সিবলসের হয়ে ৪১ বলে ৭২ রানের ইনিংস উপহার দেন ওপেনার উইল জ্যাকস। দ্বিতীয় উইকেটে ৫৫ বলে ৮৭ রানের জুটি গড়েন তিনি জর্ডান কক্সের সঙ্গে।

২৮ বলে ৪০ করে আউট হন কক্স। স্যাম কারান করেন ১০ বলে ১৫, ডনোভান ফেরেইরা ৮ বলে ১২। ইনভিন্সিবলস ১০০ বলে তোলে ১৭২ রান।
রান তাড়ায় রটেকস উদ্বোধনী জুটিতে ৩২ রান তুললেও এরপর সাউটারের সামনে ভেঙে পড়ে টপ অর্ডার। জো রুটকে (১০) ফিরিয়ে জুটি ভাঙার দুই বল পরই এই লেগ স্পিনার বোল্ড করে দেন আগ্রাসী রেহান আহমেদকে। একটু পর তিনি ফেরান আরেক ওপেনার টম ব্যান্টনকেও (২৩)।
সেই ধাক্কা আর সামাল দিতে পারেনি রকেটস। পাঁচে নেমে মার্কাস স্টয়নিস অবশ্য চেষ্টা চালিয়ে যান। তবে দুর্দান্ত খেলেও একার চেষ্টায় জয়ের সত্যিকারের সম্ভাবনা তিনি জাগাতে পারেননি। বল হাতে দুই উইকেট নেওয়া অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ব্যাটিংয়ে উপহার দেন ৩৮ বলে ৬৪ রানের ইনিংস।
রকেটসের ইনিংস থামে ১৪২ রানে।
২০ বলে ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা সাউটার। প্রায় ১৭৪ স্ট্রাইক রেটে ৩৬৭ রান করে টুর্নামেন্টের সেরা ইনভিন্সিবলসেরই জর্ডান কক্স।
টুর্নামেন্টের প্রথম দুই আসরে ফাইনাল খেলতে না পারা ইনভিন্সিবলস ট্রফি জিতে নিল পরের তিনবারই। এবারের রানার্স আপ রকেটস শিরোপা জিতেছিল ২০২২ সালে দ্বিতীয় আসরে।