১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পারভেজের পাল্টা আক্রমণ থেমে গেল দ্রুতই

গ্লোবাল সুপার লিগে লাহোর কালান্দার্সের বিপর্যয়ের মধ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারলেন না বাংলাদেশের ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2026, 10:09 AM

Updated : 11 Sep 2026, 03:44 PM

দুই ওপেনার আউট প্রথম দুই ওভারেই। রান তাড়ায় এমন বাজে শুরুর পর ক্রিজে গিয়ে পারভেজ হোসেন ইমন চেষ্টা করলেন প্রতি আক্রমণের। কিন্তু খুব একটা দীর্ঘ হলো না তার সেই ঝড়। মুখ থুবড়ে পড়ল লাহোর কালান্দার্সের ব্যাটিংও।

গ্লোবাল সুপার লিগের ম্যাচটিতে স্থানীয় দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে ৫৩ রানে হেরে যায় লাহোর কালান্দার্স। 

পারভেজ চারে নেমে আউট হন ১৩ বলে ২১ রান করে। আগের ম্যাচে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ৩৩ বলে ৪৭ করেছিলেন তিনি।

প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা গায়ানা ২০ ওভারে তোলে ১৬৪ রান। ওপেনিংয়ে ৩৫ বলে ৬৫ রানের ইনিংস খেলেন আফগান তারকার রাহমানউল্লাহ গুরবাজ। দ্বিতীয় উইকেটে ৭২ রানের জুটি গড়েন তিনি পাকিস্তানের মোহাম্মাদ হারিসের সঙ্গে। ২৮ বলে ৩৪ রানে ফেরেন হারিস।

মিডল অর্ডারে শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল, মোহাম্মাদ নাবিরা টিকতে পারেননি। দশম ওভারে ১ উইকেটে ১০৭ রানে থাকা দল পরের ছয় ওভারে ২৫ রানের মধ্যে হারায় ছয় উইকেট। শেষ দিকে রোমারিও শেফার্ড ১২ বলে করেন ২৯।

লাহোরের মাইকেল ব্রেসওয়েল ১৮ রানে নেন দুটি উইকেট, ৫৯ রানে দুটি নেন মেহরান মুমতাজ।

রান তাড়ায় ইনিংসের দ্বিতীয় বলেই মোহাম্মাদ নাঈমকে হারায় লাহোর। পরের ওভারে বিদায় নেন শামিল হোসেন।

পারভেজের রান প্রথম সাত বলে ছিল সাত। পরে ম্যাথু ফোর্ডকে টানা দুটি বাউন্ডারির পর দারুণ এক শটে ছক্কা মারেন তিনি লং অনের ওপর দিয়ে। 

কিন্তু পরের ওভারে শেফার্ডের বলের লাইন মিস করে বোল্ড হয়ে যান তিনি। রাউন্ড দা উইকেটে করা ডেলিভারি মিড উইকেটে খেলতে গিয়ে অ্যাঙ্গেল সামলাতে পারেননি তিনি।

পারভেজের মতোই ঠিক ১৩ বলে ২১ রানে ফেরেন আব্দুল্লাহ শাফিক। ১৯ বলে ২৮ রানে আউট হন ফারহান ইউসুফ। পরের ছয় ব্যাটসম্যানের কেউ ভালো কিছু করতে পারেননি।