Published : 10 Sep 2026, 10:35 AM
পাওয়ার প্লে শেষ হতেই বল হাতে পেলেন মেহেদী হাসান মিরাজ। প্রতিপক্ষ তখন বেশ ভালো অবস্থায়। প্রথম ওভারেই দলকে ব্রেক থ্রু এনে দিলেন মিরাজ। অন্য প্রান্তে জ্বলে উঠলেন ইমরান তাহির। দুই স্পিনারের দারুণ বোলিংয়ে যেন চোখে সর্ষে ফুল দেখলেন সেন্ট লুসিয়া কিংসের ব্যাটসম্যানরা। পথ হারিয়ে তাদের ইনিংস শেষ হলো অল্পতেই। রান তাড়ায় দাপুটে না হলেও ম্যাচ জিতে নিল গায়ান অ্যামাজন ওয়ারিয়র্স।
দেশের বাইরের লিগে মিরাজের অভিজ্ঞতা আগে ছিল বিভীষিকাময়। লঙ্কা প্রিমিয়ার লিগে চার ম্যাচে তার উইকেট ছিল না একটিও। এবার তিনি লিখলেন ভিন্ন গল্প। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেক ম্যাচে তিন উইকেট শিকার করলেন তিনি চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে।
তাকেও অবশ্য ছাড়িয়ে গেলেন গায়ানার অধিনায়ক তাহির। রেকর্ড গড়া বোলিংয়ে ৫ উইকেট শিকার করলেন তিনি ১৭ রানে। টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট শিকারের বিশ্বরেকর্ড এটি।
দুই স্পিনারের যৌথ আক্রমণে সেন্ট লুসিয়ার ইনিংস শেষ হয় ১১৯ রানে। গায়ানা ম্যাচ জিতে নেয় ৪ উইকেটে।
জাতীয় দলের ডাকে দল ছেড়ে যাওয়া মোহাম্মদ নাবির বদলে মিরাজকে নিয়েছে গায়ানা। অভিষেকে বাংলাদেশের স্পিনারে পারফরম্যান্সে মুগ্ধ অধিনায়ক তাহির।
“আমাদের সঙ্গে নাবি ছিল। তার মান অনেক অনেক উঁচুতে। আমাদের সেরা বোলার ছিল। তবে সে (মিরাজ) এলো, সত্যি বলতে, আমরা কিছুই ভাবিনি। এরপর সে খুবই ভালো বোলিং করব, ঠিক যেভাবে আমরা চেয়েছিলাম।
তার মতো একজনকে দলে পাওয়া দারুণ ব্যাপার। বিশ্বমানের স্পিনার সে, আন্তর্জাতিকভাবে বিশ্বজুড়ে পারফর্ম করছে। তার সঙ্গে ও অন্য সবার সঙ্গে বোলিং করতে পেরে আমি রোমাঞ্চিত।”
গায়ানায় বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরের ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ে নামা সেন্ট লুসিয়া ওপেনার টিম সাইফার্টকে (৪) হারায় দ্রুতই। তবে আরেক ওপেনার কামিল পুরানের ব্যাটে রান উঠতে থাকে বেশ দ্রুতই। পাওয়ার প্লেতে তোলে তারা ১ উইকেট হারিয়ে ৫১ রান।
এরপরই মিরাজের আঘাত। জন ক্যাম্পবেল ফিরিয়ে তিনি ভাঙেন জুটি। তিনে নামা ব্যাটসম্যান ছক্কার চেষ্টায় ধরা পড়েন লং অফে।
পরের ওভারে তাহির বিদায় করে দেন ৪৩ রান করা পুরানকে। এরপর আর মাথা তুলে দাঁড়াতে পারেনি সেন্ট লুসিয়ার ব্যাটিং।
মিরাজ নিজের তৃতীয় ওভারে আদায় করে নেন দুই উইকেট। এলবিডব্লিউ হন কেমল সেভ্রয়। যদিও রিভিউ নিলে বেঁচে যেতেন বাঁহাতি ব্যাটসম্যান। ওভারের শেষ বলে আউট করেন তিনি লঙ্কান ব্যাটসম্যান চারিথ আসালাঙ্কাকে।
তাহিরের উইকেট তখনও পর্যন্ত দুটি। তবে পরের ওভারেই উইকেট নেন তিনি আরও দুটি। এরপর স্পেলের শেষ বলে পূর্ণ করেন পাঁচ উইকেট।
৪৭ বছর ১৬৬ দিন বয়সে এই কীর্তি গড়লেন তিনি। সবচেয়ে বেশি বয়সে পাঁচ উইকেটের আগের রেকর্ড গড়েছিলেন তোমাকানুতে রিতাওয়া। কুক আইল্যান্ডের অফ স্পিনার ২০২২ সালে ফিজির বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন ৪৬ বছর ২৯৯ দিন বয়সে।
৮১ রানে ৯ উইকেট হারানো সেন্ট লুসিয়া কিংসকে ১১৯ রানে নিয়ে যান ওবাস পিনার। ২৮ বলে ৩৫ রান করেন যুক্তরাষ্ট্রের অলরাউন্ডার।
রান তাড়ায় গায়ানা এগিয়ে যাচ্ছিল ধীরস্থির ব্যাটিংয়ে। ওপেনার মাভেন্দ্রা ডিন্ডাল ফেরেন ৫ রানে। এরপর গ্লেন ফিলিপস ও শেই হোপ জুটি গড়লেও তা ছিল মন্থর। ৪০ বলে ৩৭ রান করে ফিলিপস যখন আউট হন, ১৩ ওভার শেষে গায়ানার রান তখন ২ উইকেটে ৬৬।
পরে হোপ ফেরেন ৩১ বলে ২১ রান করে। একটি ছক্কা মারলেও শিমরন হেটমায়ার ফেরেন ১৩ লে ১৪ রান করে। বোলিংয়ে সফল মিরাজ ব্যাটিংয়ে পাঁচে নেমে আউট হন ৪ বলে ১ রান করে।
এক পর্যায়ে গায়ানার প্রয়োজন পড়ে ১৫ বলে ২১ রান। বিধ্বংসী এক ক্যামিও খেলে সেই কাজটি সহজ করে দেন কুয়েন্টিন স্যাম্পসন। ৫ ছক্কায় ১১ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন তিনি। গায়ান জিতে যায় ৯ বল বাকি রেখেই।
৮ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে গায়ান এখন পয়েন্ট তালিকার শীর্ষে। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স।