১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে ‘দুর্গ’ আগলে রাখতে প্রস্তুত রাবাদা

নিজেদের আঙিনায় বিশ্বকাপ হলেও, বাড়তি চাপ অনুভব করছেন না তারকা এই পেসার।

বিশ্বকাপে ‘দুর্গ’ আগলে রাখতে প্রস্তুত রাবাদা
কাগিসো রাবাদা। ছবি: রাবাদার ইনস্টাগ্রাম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2026, 05:29 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

ঘরের মাঠে বিশ্বকাপ, স্বাভাবিকভাবেই দক্ষিণ আফ্রিকার ওপর থাকবে বাড়তি প্রত্যাশা। তবে সেই চাপ নিয়ে একদমই ভাবছেন না কাগিসো রাবাদা। নিজেদের মাটিতে বিশ্বকাপকে অন্যভাবে দেখছেন তিনি। তার চোখে, প্রতিপক্ষকে ঠেকিয়ে নিজেদের ‘দুর্গ’ আগলে রাখার এটা বড় সুযোগ।

২০২৭ সালে জিম্বাবুয়ে ও নামিবিয়ার সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপের চতুর্দশ আসর আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা। তাই সবার নজর থাকবে তাদের দিকে। এখনও বিশ্বকাপ জয়ে স্বাদ না পাওয়া দলটির তারকা পেসার রাবাদাও টুর্নামেন্ট শুরুর অপেক্ষায় মুখিয়ে আছেন।

নিজেদের আঙিনায় অনুষ্ঠেয় বিশ্বকাপে ভালো কিছু করার আত্মবিশ্বাস পাচ্ছেন রাবাদা, তাদের সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে। বৈশ্বিক আসর গুলোতে ধারাবাহিকভাবে ভালো খেলছেন তারা। ২০২৫ সালে লর্ডসে অস্ট্রেলিয়াকে হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপও জিতেছেন তারা।

সাম্প্রতিক সাফল্যের কারণে প্রোটিয়াদের ওপর প্রত্যাশাও বেড়েছে। তবে রাবাদা মনে করেন, আগামী বছর বিশ্বকাপ শুরু হলে সেটি তাদের ওপর বাড়তি চাপ তৈরি করবে না। সম্প্রতি জোহানেসবার্গে ২০২৭ বিশ্বকাপের ভেন্যু ও ব্র্যান্ড উন্মোচন অনুষ্ঠানে আইসিসিকে  বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনার কথা বলেন তিনি। 

“আমরা যেহেতু বিশ্বকাপটা আয়োজন করছি, তাই এর সঙ্গে এখন আরও অনেক কিছু জড়িয়ে আছে বলে আমি মনে করি। এটা অনেকটা স্বাধীনতার মতো। ঘরের মাঠে খেলছি বলে বিশ্বকাপ জিততেই হবে- এমন কোনো চাপ আমি অনুভব করি না।

“বিষয়টা এমন যে, আমরা নিজেদের ঘরেই আছি এবং নিজেদের দুর্গ রক্ষা করতে নামছি। আমার কাছে এটাই এর অর্থ। এটা আমাদের দেশের প্রতিনিধিত্ব করার বিষয়।”

২০২৭ সালের অক্টোবরে শুরু হবে নভেম্বরে শেষ হবে ওয়ানডে বিশ্বকাপ।