১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে নেই ফিল সল্ট

নিজের প্রথম সন্তান ও সঙ্গীর পাশে থাকতে ছুটি নিয়েছেন ফিল সল্ট।

উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে নেই ফিল সল্ট
ফিল সল্ট। ছবি: ইসিবি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2025, 08:03 PM

Updated : 26 Aug 2026, 01:08 PM

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না ফিল সল্ট। পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন এই ইংলিশ ক্রিকেটার। তার জায়গায় স্কোয়াডে ডাক পেয়েছেন আরেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান জেমস স্মিথ।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সল্টকে ছুটি দেওয়ার খবর জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সদ্য সমাপ্ত আইপিএলের প্রথম কোয়ালিফায়ারের পর সন্তানসম্ভবা সঙ্গীর পাশে থাকতে ইংল্যান্ডে ফিরে যান ২৮ বছর বয়সী ব্যাটসম্যান। এতে অনিশ্চয়তা দেখা দেয় ফাইনালে তার অংশগ্রহণ নিয়ে।

তবে, ছেলে সন্তান জন্মের পর সব সংশয় দূর করে আহমেদাবাদে ফাইনালের আগেই রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে পুনরায় যোগ দেন অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান। পাঞ্জাব কিংসের বিপক্ষে ফাইনালে ৯ বলে ১৬ রান করেন তিনি। পরে ফিল্ডিংয়ে নেন দারুণ একটি ক্যাচ। 

পাঞ্জাবকে হারিয়ে শিরোপা জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবজাতক সন্তানকে নিজের জন্য ‘লাকি চার্ম’ বলেন সল্ট।

“অবিশ্বাস্য অনুভূতি। সত্যি বলতে বুঝতে পারছি না, এখন কী অবস্থায় আছি। তেমন ঘুম হয়নি। তবে দলের ছেলেদের জন্য গর্বিত। সে (সল্টের ছেলে) সৌভাগ্য নিয়ে এসেছে। আমি এখন লাকি চার্ম পেয়ে গেছি। আমি যেন সপ্তাকাশে আছি।”

দলের প্রতি সল্টের এমন নিবেদনের বিষয়টি বিশেষভাবে স্মরণ করেন বেঙ্গালুরুর ক্রিকেট ডিরেক্টর মো বোবাট। পরে সামাজিক মাধ্যমে মজা করে ভিরাট কোহলি লেখেন, ‘এখন আসল কাজে ফেরার পালা এবং (বাচ্চার) ডায়পার বদলানোর প্রস্তুতি নাও।’

তার জায়গায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সুযোগ পেয়েছিলেন জেমি স্মিথ। এবার টি-টোয়েন্টিতেও স্মিথকে বদলি হিসেবে নিল ইংল্যান্ড।

সল্ট ছুটি নেওয়ায় টি-টোয়েন্টি সিরিজে একাদশে সুযোগ পেতে পারেন টম ব্যান্টন। ওয়ানডে সিরিজটি স্মিথ ও বেন ডাকেটের ব্যাক-আপ হিসেবে কাটান ২৬ বছর বয়সী টপ-অর্ডার ব্যাটসম্যান। 

চেস্টার লি স্ট্রিটে শুক্রবার শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ব্রিস্টল ও সাউথ্যাম্পটনে পরের দুই ম্যাচ যথাক্রমে ৮ ও ১০ জুন।