২ বছর পর শীর্ষ দশে বাবর
এছাড়া টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন সেঞ্চুরিয়ান আবদুল্লাহ শাফিক।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে আলো ছড়িয়ে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাবর আজম। প্রায় দুই বছর পর এই সংস্করণের ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ দশে ফিরেছেন পাকিস্তান অধিনায়ক।
পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার ঘোষণা করেছে আইসিসি। টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে পাঁচ ধাপ এগিয়ে বাবর আছেন ঠিক দশম স্থানে।
পোর্ট অব স্পেনে ক্যারিবিয়ানদের ৮ উইকেটে হারানোর পথে ভূমিকা রাখেন বাবর। প্রথম ইনিংসে ৮৮ রান করেন তিনি। আর লক্ষ্য তাড়ায় ২৪ রান করে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন ডানহাতি এই ব্যাটসম্যান।
২০২৪ সালের সেপ্টেম্বরে সবশেষ টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে প্রথম ১০ জনের মধ্যে ছিলেন বাবর। আর এই সংস্করণের র্যাঙ্কিংয়ে তার সেরা অবস্থান দ্বিতীয়, ২০২২ সালের ডিসেম্বরে।
তিন বছরের বেশি সময় পর, দেশের বাইরে টেস্ট জয়ের বড় অবদান রাখেন আবদুল্লাহ শাফিক। ওই ম্যাচে দুই ইনিংসেই অপরাজিত ছিলেন তিনি; প্রথম ইনিংসে ১৬০ রানে ও লক্ষ্য তাড়ায় ২৪ রানে।
ম্যাচ সেরা হওয়া এই টপ অর্ডার ব্যাটসম্যান ২৫ ধাপ এগিয়ে ৩২তম স্থানে আছেন। র্যাঙ্কিংয়ে তিনি পেছনে ফেলেছেন মার্নাস লাবুশেন, লোকেশ রাহুল এবং স্বদেশি সালমান আলি আগা ও সাহান মাসুদের মতো ব্যাটসম্যানদের।
অন্যদের অবনতিতে এক ধাপ এগিয়ে এখন ৩৬তম স্থানে আছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুমিনুল হক। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি কারো।
টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে প্রথম ৯টি স্থান অপরিবর্তিত আছে। সবার ওপরে অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেড। বোলারদের মধ্যে শীর্ষে ভারতের জাসপ্রিত বুমরাহ।
পাকিস্তানের নোমান আলি আটে নেমে যাওয়ায় সাতে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। নোমানের সতীর্থ সাজিদ খান পাঁচ ধাপ এগিয়ে এখন ৩০তম স্থানে। দুই ইনিংসেই চারটি করে উইকেট নিয়েছিলেন এই অফ স্পিনার।
টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই চূড়ায় ভারতের রাভিন্দ্রা জাদেজা। দুইয়ে দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন। আর মিচেল স্টার্কের সঙ্গে যৌথভাবে তিনে মেহেদী হাসান মিরাজ।
