১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডেথ ওভারে দুর্দান্ত মুস্তাফিজ, অভিষেকে খরুচে তাসকিন

টানা দুই জয়ের পর হেরে গেলেন মুস্তাফিজ-শানাকারা।

ডেথ ওভারে দুর্দান্ত মুস্তাফিজ, অভিষেকে খরুচে তাসকিন
মুস্তাফিজুর রহমানের (বাঁয়ে) দল হারলেও, জয় পেয়েছে তাসকিন আহমেদের দল

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2025, 01:14 AM

Updated : 26 Aug 2026, 05:19 PM

প্রথম দুই ওভারে একটি উইকেট পেলেও রান দিয়ে ফেললেন একটু বেশি। তবে ম্যাচের শেষ দিকে দুই ওভারে কাটার-স্লোয়ারের জাদুতে চমৎকার বোলিং করলেন মুস্তাফিজুর রহমান। যদিও ম্যাচটি জিততে পারল না তার দল দুবাই ক্যাপিটালস।  

আইএলটি-টোয়েন্টিতে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে দাসুন শানাকার নেতৃত্বাধীন ক্যাপিটালস। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার ১৬৭ রানের লক্ষ্য ২ বল হাতে রেখে পেরিয়ে যায় ভাইপার্স।

নিজের প্রথম ওভারে ১১ রান দিয়ে একটি উইকেট পাওয়া মুস্তাফিজ দ্বিতীয় ওভারে দেন ১০ রান। ডেথ ওভারে, নিজের শেষ দুই ওভারে কেবল ৯ রান দেন বাংলাদেশের বাঁহাতি পেসার। চার ওভারে সব মিলিয়ে ৩০ রান দিয়ে ফাখার জামানের উইকেটটি নেন তিনি।

আগের দিন আবু ধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ৯ রানে জয়ের ম্যাচে চার ওভারে ৪৭ রান দিয়ে একটি উইকেট পেয়েছিলেন মুস্তাফিজ। তার আগে আসরে নিজের প্রথম দুই ম্যাচে দারুণ বোলিংয়ে তার শিকার ছিল ৪টি।

এদিনই সংযুক্ত আরব আমিরাতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হয় বাংলাদেশের আরেক পেসার তাসকিন আহমেদের। ভালো করতে পারেননি তিনি। দিনের প্রথম ম্যাচে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে এমআই এমিরেটসের বিপক্ষে চার ওভারে ৩৯ রান দিয়ে উইকেটশূন্য থাকেন ৩০ বছর বয়সী পেসার। তার দল অবশ্য জয় পেয়েছে।

ক্যাপিটালসের বিপক্ষে রান তাড়ায় প্রথম চার ওভারে ৩২ রান তুলে ফেলে ভাইপার্স। পরের ওভারে প্রথম বোলিং পেয়ে ফাখারকে ফিরিয়ে ৩৮ রানের শুরুর জুটি ভাঙেন মুস্তাফিজ। 

তার প্রথম তিন বলে আসে ৫ রান। চতুর্থ বলে স্লোয়ার বাউন্সার কিপারের মাথার ওপর দিয়ে খেলার চেষ্টায় পারেননি ফাখার। বাঁহাতি ব্যাটসম্যানের ব্যাটের কানা ছুঁয়ে বল জমা পড়ে কিপারের গ্লাভসেই। শেষ বলে চার মারেন ম্যাক্স হোল্ডেন। 

মুস্তাফিজ আবার বোলিং পান ইনিংসের একাদশ ওভারে। নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম চার বলে দেন কেবল দুটি সিঙ্গল। পঞ্চম বল স্লোয়ার অফ কাটারে ছক্কা মারেন ড্যান লরেন্স। শেষ বলে আসে ২ রান।

৬ উইকেট হাতে নিয়ে শেষ চার ওভারে ভাইপার্সের প্রয়োজন ছিল ৩৬ রান, তখনই নিজের তৃতীয় ওভার করতে আসেন মুস্তাফিজ।  

ক্রিজে তখন আগ্রাসী ক্যারিবিয়ান ব্যাটসম্যান শিমরন হেটমায়ার ও স্যাম কারান। তবে হেটমায়ার তিন বলে খেলে নিতে পারেন কেবল একটি সিঙ্গল, তিন বলে ৩ রান নিতে পারেন কারান।

পরের ওভারে ডেভিড উইলিকে কারানের দুটি চারে রান আসে মোট ১২। অষ্টাদশ ওভারে মুস্তাফিজের প্রথম বল বেরিয়ে এসে খেলার চেষ্টায় ব্যাট ছোঁয়াতে পারেননি হেটমার। এরপর একটি ওয়াইড। দ্বিতীয় বল ফুল টস পেয়েও রান নিতে পারেননি হেটমায়ার। শেষ চার বলে আসে শুধু চারটি সিঙ্গল।

শেষ দুই ওভারে ভাইপার্সের প্রয়োজন ছিল ১৫ রান। ১৯তম ওভারে একটি ছক্কা হজম করে মুহাম্মাদ জাওয়াদউল্লাহ দেন ১২ রান। শেষ ওভারে শানাকা প্রথম বলে হেটমায়ারকে ফেরাতে পারলেও, চতুর্থ বলে ছক্কায় ম্যাচ শেষ করে দেন কারান। ৩ ছক্কা ও ২ চারে ৩৩ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ-সেরা তিনিই।

টানা দুই জয়ের পর হারল ক্যাপিটালস। এবারের আসরে সব মিলিয়ে পাঁচ ম্যাচে তাদের তৃতীয় হার এটি। ভাইপার্স জিতল প্রথম ছয় ম্যাচেই।

আবু ধাবিতে দিনের প্রথম ম্যাচে তাসকিন, সিকান্দার রাজাদের ওয়ারিয়র্স ১৭৪ রানের পুঁজি গড়ে জয় পায় ৬ রানে। 

তাসকিনের বোলিংয়ের শুরুটা যদিও খারাপ ছিল না। নতুন বলে ইনিংসের প্রথম ওভারে একটি বাউন্ডারি হজম করে তিনি দেন ৬ রান। তবে পরের ওভারে একটি করে চার ও ছক্কায় দিয়ে ফেলেন ১৪ রান।

পাওয়ার প্লেতে দুই ওভারে তার খরচ ২০ রান। 

তাসকিন আবার বোলিং পান ইনিংসের ষোড়শ ওভারে। এবার প্রথম পাঁচ বলে কেবল ৪ রান দিলেও, শেষ বলে বাউন্ডারি হজম করেন তিনি। আর কোটার শেষ ওভারে দুটি বাউন্ডারি মিলিয়ে দেন মোট ১১ রান। 

জয়ের জন্য শেষ ওভারে এমিরেটসের প্রয়োজন ছিল ২৫ রান। জুনাইদ সিদ্দিকির প্রথম তিন বলে দুটি ছক্কা মেরে লড়াই জমিয়ে তোলেন নিকোলাস পুরান। তবে পরের দুই কোনো রান আসেনি। শেষ বলে পুরানের আরেকটি ছক্কায় পরাজয়ের ব্যবধান কমে শুধু। 

চার ম্যাচে শারজাহ ওয়ারিয়র্সের প্রথম জয় এটি।